স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদ্‌যাপনের আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় সবাইকে করোনার স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদ্‌যাপন করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সমান্যতম অবহেলা, অসচেতনতা এবং স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ দিতে না পারে, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘দেশে এবং বিশ্বের যে প্রান্তে বাংলাদেশের নাগরিকেরা জীবন–জীবিকার প্রয়োজনে অবস্থান করছেন, তাঁদের সবাইকে আজকের এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।’

ওবায়দুল কাদের আজ রোববার সকালে তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা এমন এক সময়ে ঈদ উদ্‌যাপন করছি, যখন দেশের একটি এলাকার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত এবং করোনার সংক্রমণের ঊর্ধ্বগতিও দৃশ্যমান। এই প্রেক্ষাপটে একদিকে আমরা সবাই মানবিক কারণে বন্যার্ত মানুষের সহায়তায় আন্তরিক থাকব, অপর দিকে করোনা সংক্রমণ রোধে থাকব সর্বোচ্চ সচেতন।’

ঈদে পরস্পরের সহমর্মী হওয়ার আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয়, আনন্দ ভাগাভাগি করার শিক্ষা দেয়, প্রতিবেশী কিংবা অসহায়ের প্রতি উদারহস্ত হওয়ার দীক্ষা দেয়। তাই আসুন, আমরা সবাই মিলে ঈদ আনন্দ ভাগাভাগি করি।’