স্বাস্থ্যব্যবস্থা নিয়ে বিএনপি অহেতুক সমালোচনা করছে: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাস সংক্রমণকে কেন্দ্র করে বিএনপি অহেতুক দেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে সমালোচনা করছে।

ওবায়দুল কাদের আজ দুপুরে তাঁর সরকারি বাসভবনে দেশের করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনায় চিকিৎসক মঈনের মৃত্যু নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করেছেন। করোনা এমন একটি ভাইরাস, যার সংক্রমণ থেকে কেউ রক্ষা পাচ্ছেন না। দেশে দেশে বহু চিকিৎসক প্রাণ হারিয়েছেন। কাজেই এ নিয়ে অহেতুক দেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে সমালোচনা করা মোটেও সমীচীন নয়।

করোনায় আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে বিএনপির মহাসচিবের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'করোনায় মৃত্যুবরণকারী ডাক্তার মঈনের মৃত্যুতে আমরা মর্মাহত। তবে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, বিএনপির মহাসচিব তাঁর (মঈন) মৃত্যু নিয়ে অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করেছেন।'

ওবায়দুল কাদের বলেন, 'আমি মির্জা ফখরুল ইসলামকে সবিনয়ে বলতে চাই, সারা পৃথিবী করোনা ভাইরাসে আক্রান্ত। এখানে ধনী-দরিদ্র, চিকিৎসক, রাজনীতিবিদ, সমাজসেবী কেউ রেহাই পাচ্ছেন না। করোনা কাউকে রেহাই দিচ্ছে না।'

সেতুমন্ত্রী বলেন, 'আজকের এই দুর্যোগে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনো অবস্থাতেই কাম্য নয়। এ সময় বিভাজনের অনিবার্য পরিণতি ভাইরাসের ভয়ঙ্কর রূপ। আমরা জেনে-শুনে যেন এ রকম মারাত্মক ভুলের ফাঁদে পা না দেই। মনে রাখতে হবে, এ লড়াই আমাদের সকলের বাঁচার লড়াই। এ লড়াইয়ে নিজে বাঁচতে হবে। এবং অপরকেও বাঁচাতে হবে। পরস্পর পরস্পরকে সুরক্ষা না দিলে আমাদের নিজেদের সুরক্ষাই হুমকির মুখে পড়বে।'

দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীর উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলায় আমাদের ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। আমরা যদি সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি, সকলে ঘরে থাকি, ইনশাআল্লাহ তাহলে আমাদের জয় হবেই।'

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ইউনিয়ন পর্যন্ত ত্রাণ কমিটি গঠন করে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ত্রাণ বিতরণ প্রক্রিয়ায় আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সর্বস্তরের নেতা-কর্মীদের অংশগ্রহণ করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, ত্রাণ বিতরণে কোনো রকম অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের কঠোর অবস্থানের কথা ইতিমধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন। দলীয় পরিচয়ে কেউ ত্রাণ নিয়ে নয়-ছয় করলে ছাড় দেওয়া হবে না।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, করোনার সংক্রমণে বিশ্বের ২১০টি দেশ আক্রান্ত। এর মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৪তম। তুলনামূলকভাবে আমরা ইউরোপের দেশগুলোর চেয়ে ভালো অবস্থানে রয়েছি। ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবেলা করতে পারলে এই সংকটের কালো মেঘ কেটে যাবে।

সেতুমন্ত্রী বলেন, এই সংকটকালে যাঁরা সামনে থেকে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন, বিশেষ করে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী, গণমাধ্যম ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।

মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ১৯৭১ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের প্রথম স্বাধীন সরকার গঠন করা হয়। সে দিনই স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। মহাদুর্যোগ করোনাভাইরাসের কারণে আজকের দিনটি আনুষ্ঠানিকভাবে পালন করতে না পারলেও আমাদের চেতনায়-বিশ্বাসে এই ঐতিহাসিক দিনটির তাৎপর্য চিরভাস্বর হয়ে থাকবে।