স্বাস্থ্যব্যবস্থা ভালো বলেই কোনো করোনা রোগীকে তাঁবুতে থাকতে হয়নি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বটতলায় তিনটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বক্তব্য দেনসংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে করোনার প্রাদুর্ভাব কমে আসছে। সেই সঙ্গে মৃত্যুর হারও কমে গেছে। ইতিমধ্যে চীনের ভ্যাকসিন পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়েছে। আরও দেশের সঙ্গে ভ্যাকসিন পেতে আলোচনা চলছে। তবে স্বাস্থ্য সুরক্ষার জন্য অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।’

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বটতলায় তিনটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

প্রায় আট কোটি টাকা ব্যয়ে মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা সাটুরিয়া উপজেলা সদর ও বালিয়াটি বাজারে পয়োনিষ্কাশনব্যবস্থা, রাস্তাঘাট নির্মাণসহ তিনটি প্রকল্প উদ্বোধন করেন।

দেশের স্বাস্থ্যব্যবস্থা ভালো ছিল বিধায় করোনায় সংক্রমিত হয়ে কোনো মানুষকে তাঁবুতে থাকতে হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে রেখেই চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। আমাদের দেশের চেয়ে অন্যান্য দেশে করোনায় বেশি আক্রান্ত হওয়ায় তাঁদের তাঁবুতে রেখে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বাংলাদেশে তা হয়নি।’ তবে করোনা ঠেকাতে হলে সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি।

বিএনপির প্রতি ইঙ্গিত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা নিয়ে অযথা মিথ্যাচার করবেন না। আপনাদের কাজ হচ্ছে ফেসবুক আর টেলিভিশনে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করা। করোনাকালে বিএনপি কারও পাশে না দাঁড়িয়ে সরকারের সমালোচনা নিয়ে ব্যস্ত ছিল। তারাই আবার রাষ্ট্র পরিচালনা করতে চায়! যে দলটির নেত্রী এখন দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়েছেন।’

জাহিদ মালেক বলেন, পাশের দেশ ভারতে প্রতিদিন ৭০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। প্রতিদিন মারা যাচ্ছেন এক হাজারের বেশি মানুষ। সে তুলনায় বাংলাদেশে ১৬ কোটি মানুষের মধ্যে মৃত্যুর সংখ্যা ৩০ থেকে ৪০–এ ওঠানামা করছে। মোট চার হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সুস্থতার হার ৭০ শতাংশের ওপরে।

পরে স্বাস্থ্যমন্ত্রী উপজেলা পরিষদে মানবিক সহায়তার কর্মসূচি আওতায় অসচ্ছল ১৫ পরিবারের মধ্যে ১ বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার করে টাকার চেক বিতরণ করেন।

সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ, উন্নয়ন প্রকল্প পরিচালক মো. মনজুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ জোহরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন প্রমুখ।