স্বাস্থ্যমন্ত্রীর লজ্জা-শরম আছে বলে মনে হয় না: মির্জা ফখরুল
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ‘লজ্জা-শরম’ বলতে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী কি নির্লজ্জ একজন ব্যক্তি! পার্লামেন্টে তাঁর বিরুদ্ধে তাঁর দলের লোকেরা কথা বলছেন, বিরোধী দলের কয়েকজন কথা বলেছেন, সারা দেশের মানুষ কথা বলছেন। তাঁদের মন্ত্রণালয়ের দুর্নীতি প্রমাণিত হয়েছে, দুর্নীতিতে সাজাপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে তিনি চিত্রিত হয়েছেন। ছবি তোলা হয়েছে অ্যাগ্রিমেন্ট সই করার সময়ে। তারপরও তিনি পদত্যাগ করছেন না এবং লজ্জা-শরম কোনো জিনিস আছে বলে মনে হয় না।’
করোনা মহামারির এ সময়ে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা দেশের মানুষের জীবন ঝুঁকিতে ফেলেছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই করোনাভাইরাসে যখন মানুষের জীবন চলে যাচ্ছে, আপনি দেখুন তখন স্বাস্থ্য খাতে কীরূপ দুর্নীতি চলছে। আমরা প্রথম থেকে বলছিলাম, জেলার হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ আইসিইউ বেডের ব্যবস্থা করা হোক, অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হোক, ওষুধের ব্যবস্থা করা হোক। দুর্ভাগ্যজনকভাবে ৫২ শতাংশ হাসপাতালে কোনো আইসিইউ বেড নেই। আপনারা শুনলে অবাক হবেন যে একটা জেলা হাসপাতালে পর্যন্ত কোনো অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেই।’
ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ‘মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: গণমাধ্যমের প্রত্যাশা ও প্রাপ্তি’ শিরোনামের এই আলোচনা সভায় গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, ‘গণমাধ্যমে এতটুকু সরকারের সমালোচনা করলে তাদের বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে চরম নির্যাতন করা হচ্ছে। আমি দেখলাম, গত ৬ মাসে ১৫০ জনের মতো সাংবাদিকের বিরুদ্ধে শুধু সত্য কথা লেখার জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করা হয়েছে।’
সাংবাদিকদের একাংশের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘একসময়ের নাম করা সাংবাদিকদের যাঁরা এখন উচ্ছিষ্টভোগী হয়েছেন, তাঁরা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সম্পর্কে নানা রকম অপপ্রচার করে কলাম লিখছেন, যা সত্য নয়। সেই লেখাগুলোর বিরুদ্ধে আপনাদের জবাব দিতে হবে, সেগুলোর বিরুদ্ধে পত্রিকায় আপনাদের লেখা দিতে হবে।’
দেশে এখন ‘গণতন্ত্র নেই’ বলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দী জীবন যাপন করতে হচ্ছে বলে দাবি করেন দলটির মহাসচিব। দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত খালেদা জিয়া করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে গুলশানে তাঁর বাসায় আছেন। প্রথমে তাঁর সাজা ছয় মাস স্থগিত করেছিল সরকার।
পরবর্তীকালে কয়েক ধাপে বিএনপিপ্রধানের সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়।
সরকার বিরোধী রাজনৈতিক নেতা–কর্মীদের ওপর দমন–পীড়ন চালাচ্ছে, এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা, পাঁচ শর ওপরে মানুষ গুম হয়ে গেছে, শত শত মানুষ খুন হয়েছে। তারা কিন্তু রাজনৈতিক নেতা–কর্মী। তাহলে কোথায় গণতন্ত্র? আমাদের এখানে সবই আছে—এখানে সরকার আছে, জাতীয় সংসদ আছে, ব্যুরোক্রেসি আছে, কিন্তু মানুষের অধিকার নেই।’
এ অবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, ‘ত্যাগ স্বীকার করতে না পারলে কখনোই কোনো আন্দোলন সফল হয় না। আমি অনুরোধ জানাব, তরুণদের এখনই জেগে উঠতে হবে, এই ঘোরতর অন্যায়ের বিরুদ্ধে আমাদের উঠে দাঁড়াতে হবে।’
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বর্তমান সভাপতি এম আবদুল্লাহ, কবি আবদুল হাই শিকদার, বিএফইউজে মহাসচিব নুরুল আমিন রোকন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন, বাসির জামাল, রাশেদুল হক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী প্রমুখ বক্তব্য দেন।