পঞ্চগড়ের দেবীগঞ্জে সন্তু গৌড়ীয় মঠের প্রধান যজ্ঞেশ্বর চন্দ্র রায়কে হত্যা মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে থাকা জেএমবি সদস্য হারেজ আলী গতকাল রোববার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত মঙ্গলবার আলমগীর হোসেন নামের আরেক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলায় অপর আসামি রমজান আলী এখন পুলিশের রিমান্ডে রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা দেড়টায় হারেজ আলীকে আদালতে হাজির করে পুলিশ। এরপর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মার্জিয়া খাতুনের আদালতে দেড় ঘণ্টা ধরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন হারেজ।
পুলিশ গত ২৫ ফেব্রুয়ারি রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হারেজ আলী, আলমগীর হোসেন ও রমজান আলীকে গ্রেপ্তার করে। হারেজ আলীর বাড়ির গোয়ালঘর খুঁড়ে ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করে। গত ২৭ ফেব্রুয়ারি তাঁদের আদালতে হাজির করে পৃথক দুটি মামলায় ১৮ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
আদালতের পরিদর্শক রবিউল ইসলাম খান বলেন, হারেজ আলী ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করায় আদালত তাঁর দুই মামলায় ১৮ দিনের রিমান্ড আদেশ বাতিল করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।