স্বীকারোক্তি দিলেন স্বেচ্ছাসেবক লীগের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হজরত আলী তালুকদারের ছেলে আরাফাত তালুকদার হত্যা মামলায় আরেক আসামি স্বীকারোক্তি দিয়েছেন। তিনি হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শফি কামাল সিদ্দিকী।

গত শুক্রবার কদিমহামজানি গ্রামের বাড়ি থেকে শফি কামালকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার বিকেলে তাঁকে জেলা বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। সেখানে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। বিচারিক হাকিম আশিকুজ্জামান তা লিপিবদ্ধ করেন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান বলেন, শফি কামাল সিদ্দিকীকে সংগঠন থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হয়েছে।

জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৬ জানুয়ারি হজরত আলী তালুকদারের ছেলে আরাফাত তালুকদারকে (১৬) হত্যা করা হয়। আরাফাত দশকিয়া গ্রামে নানাবাড়িতে থাকত। কদিমহামজানি শফি কামালের বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হজরত আলী তালুকদার থানায় মামলা করেন। ওই বছরের শেষের দিকে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ বলেন, গত বৃহস্পতিবার সকালে পুলিশ সরওয়ার হোসেন নামের একজনকে গ্রেপ্তার করে। সন্ধ্যায় তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁর দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে শফি কামালকে গ্রেপ্তার করা হয়। তিনিও আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।