নাটোরের লালপুরে উপজেলা ছাত্রলীগের সম্মেলনে নতুন কমিটি ঘোষণায় সাংসদের বিরুদ্ধে স্বেচ্ছারিতার অভিযোগ করেছেন ছাত্রলীগ নেতারা। এ কারণে তাঁরা সম্মেলন বয়কট করেন। আর সাংসদ পাল্টা অভিযোগ করে বলেছেন, ছাত্রলীগের নেতারা কমিটি ঘোষণার আগে চাহিদামতো ৫ লাখ টাকা না পাওয়ায় অনুষ্ঠান বয়কট করেছেন।
গত বৃহস্পতিবার দুপুরে লালপুর উপজেলা পরিষদের মিলনায়তনে এ ঘটনা ঘটে।
এর আগে দুপুর ১২টায় নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সাংসদ ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আবুল কালাম। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম। সাংসদ বক্তব্য দিতে উঠে সারোয়ার জাহানকে সভাপতি ও সজিব রানাকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের লালপুর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করতে শুরু করেন। এ সময় জেলা ছাত্রলীগের নেতারা প্রতিবাদ করেন। এরপরও সাংসদ ঘোষণা অব্যাহত রাখলে তাঁরা সম্মেলন বয়কটের ঘোষণা দেন ও অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
উদ্ভূত পরিস্থিতিতে কিছু সময় বিরতি দিয়ে সাংসদ আবার বক্তব্য দিতে থাকেন। এ সময় তিনি বলেন, ‘ওঁরা সম্মেলনে আসার জন্য উপজেলা ছাত্রলীগের কমিটির কাছে ৫ লাখ টাকা দাবি করেছিল। এর মধ্যে দেড় লাখ টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা না দিয়ে তিনি কমিটি ঘোষণা করার কারণে সম্মেলন বয়কট করে চলে গেছে।’ সাংসদ বলেন, টাকা চাওয়ার ঘটনাটি তিনি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জানিয়েছেন। তিনি তাঁদের টাকা দিতে নিষেধ করেছেন। তাই তাঁদের বয়কট করা নিয়ে সম্মেলনের কিছু যায় আসে না। সম্মেলন শেষ হয়ে যাওয়ার পর সাংসদ মো. আবুল কালাম মুঠোফোনে প্রথম আলোকে একই কথা বলেন।
জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান প্রথম আলোকে মুঠোফোনে বলেন, এটা ছাত্রলীগের সম্মেলন। এর কমিটি ঘোষণা করার দায়িত্ব তাঁদের। অথচ সাংসদ একজন অতিথি হয়ে তাঁর পছন্দের ছেলেদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করেছেন। এটা গঠনতন্ত্রের পরিপন্থী। টাকা দাবি করার অভিযোগের ব্যাপারে তিনি বলেন, এ বক্তব্য ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
এ ব্যাপারে সাংসদ আবুল কালাম প্রথম আলোকে বলেন, নতুন কমিটি গঠন করেছেন কাউন্সিলররা। তিনি শুধু প্রধান অতিথি হিসেবে নাম ঘোষণা করেছেন। এতে গঠনতন্ত্রের কোনো হেরফের হয়নি। এটা সম্মেলন বয়কটের কারণ হতে পারে না। কারণ একটাই, তাঁরা চাহিদামতো টাকা পাননি। টাকা না নেওয়ার ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘ওরা আমার বাসায় গেলে আমি নিজে ৫০ হাজার টাকা দিয়েছি।’
জেলা ছাত্রলীগের সাবেক এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, উভয়ের অভিযোগই গুরুতর। ঘটনাটি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির তদন্ত করে তা জনসম্মুখে প্রচার করা উচিত।