স্বেচ্ছাসেবক দলের চার নেতাকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ফখরুদ্দিন ফরায়েজির ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত রোববার রাতে স্বেচ্ছাসেবক দলের কক্সবাজার জেলা শাখার সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত নেতারা হলেন চকরিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মাহাবুবুল কবির, মোহাম্মদ আলী ও শিব্বির আহমদ এবং যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলফাজ।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভাঙার কারণে চকরিয়া পৌর কমিটির ওই চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, ১২ নভেম্বর স্বেচ্ছাসেবক দলের চকরিয়া পৌরসভা কমিটি ঘোষণা করা হয়। ১৩ সদস্যের কমিটিতে এইচ এম নুরুল আমিনকে সভাপতি, মনছুর আলমকে সাধারণ সম্পাদক, মাহাবুবুল কবির, মোহাম্মদ আলী ও শিব্বির আহমদকে সহসভাপতি করা হয়। কমিটিতে রানা হামিদ ও মোহাম্মদ আলফাজকে যুগ্ম সম্পাদক ও কাইছার হামিদকে সাংগঠনিক সম্পাদক করা হয়। কমিটি ঘোষণার পর মাহবুবুল কবির, মোহাম্মদ আলী, শিব্বির আহমদ ও মোহাম্মদ আলফাজ অভিযোগ করেন, তাঁদের যোগ্যতা অনুযায়ী পদ দেওয়া হয়নি। এ জন্য তাঁরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফখরুদ্দিন ফরায়েজিকে দায়ী করেন।

দলীয় সূত্র জানায়, এ ঘটনাকে কেন্দ্র করে ১৪ নভেম্বর রাতে চকরিয়া পৌর শহরের সিটি সেন্টার এলাকায় কিছু ব্যক্তি ফখরুদ্দিন ফরায়েজির ওপর হামলা চালায়।

ফখরুদ্দিন ফরায়েজি বলেন, চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে যোগ্য পদ না পাওয়ার অভিযোগ তুলে চার ব্যক্তি তাঁর ওপর ওই হামলা চালান।

বহিষ্কৃত মোহাম্মদ আলফাজ প্রথম আলোকে বলেন, ‘আন্দোলন-সংগ্রামে মাঠে নেই এমন ব্যক্তি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। রাজনীতি করতে গিয়ে আমি মিথ্যা মামলার শিকার হয়েছি, আমার বাবা জেল খেটেছেন, অথচ আমরা যোগ্য পদ পাইনি।’ তিনি বলেন, ‘পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদকের কাছে মনের দুঃখের
কথা বলতে গিয়েছিলাম। ওই সময় তিনি ওল্টাপাল্টা কথা বলায় একটা ঘটনা ঘটে গেছে। তবে সেটা দল থেকে বহিষ্কার করার মতো ঘটনা ছিল না।’