স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার বিচার দাবি মির্জা ফখরুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরের কাগজ খুললেই দেখবেন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নিজেরা নিজেরা মারামারি করছে। এটাই হয়। ক্ষমতায় যদি জবাবদিহি না থাকে, তখন লুটপাট নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। তখন তারা পরস্পর পরস্পরকে আক্রমণ করে, হত্যা করে।

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতা আবদুল মান্নানের হত্যাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ে তাঁর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘পত্রপত্রিকায় দেখেছি, এটা ভাগ-বাঁটোয়ারার জন্যই হয়েছে। দুঃখজনক হলেও সত্য, যুবলীগের নেতারাই এই হত্যার সঙ্গে জড়িত।’

পুলিশের ভূমিকা সম্পর্কে ফখরুল আক্ষেপ করে বলেন, ‘আমি এটাও শুনেছি, পুলিশ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করেছে। কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য কোনো রকম ব্যবস্থা করেনি। এতে এটা বোঝায়, প্রশাসন তাঁদের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। সে ক্ষেত্রে যিনি নিহত হয়েছেন, তাঁর পরিবার কতটুকু বিচার পাবে, সেটা আমরা জানি না। এ অবস্থা চলতে থাকলে সুবিচার পাওয়াটা খুবই কষ্টকর। আমরা এ ঘটনার নিন্দা জানাই।’

নিরপেক্ষ নির্বাচন সম্পর্কে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ প্রমাণ করছে, তারা সেটা চায় না। তবে সেটা চাইতে হবে। কারণ, জনগণ চায় নিরপেক্ষ ও সহায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। আওয়ামী লীগ আবার ২০১৪ সালের মতো নির্বাচন করতে পারবে না। তাদের এবার নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন করতেই হবে।

বিএনপির চেয়ারপারসনের লন্ডন সফর সম্পর্কে আওয়ামী লীগের বক্তব্য সম্পর্কে মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার দেশের বাইরে চলে যাওয়ার প্রশ্নই উঠতে পারে না। ইতিহাস বলে, আওয়ামী লীগের সভানেত্রী এক-এগারোর পর দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। এসব বক্তব্য কোনো রাজনৈতিক দলের শিষ্টাচারের মধ্যে পড়ে না।

ফখরুল অভিযোগ করেন, ‘নির্বাচনের জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে। আওয়ামী লীগ হেলিকপ্টারে করে নৌকার জন্য ভোট চেয়ে বেড়াবে, আর আমরা আদালতের বারান্দা ও জেলখানার ভেতরে থাকব। এটা তো সমান সুযোগ হলো না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার সাহস আওয়ামী লীগের নেই। এ কারণে তারা সংবিধানের দোহাই দিচ্ছে। সংবিধান তো কোনো বাইবেল না। সংবিধান মানুষের জন্য, মানুষের তৈরি করা। রাজনৈতিক স্থিতিশীলতা সৃষ্টিসহ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধান পরিবর্তন যদি করতে হয়, তাহলে সেটা করতে হবে। এটা অল্প সময়ের ব্যাপার।’

মান্নান হত্যাকাণ্ড নিয়ে বিএনপির মহাসচিবের মন্তব্য সম্পর্কে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, ‘আমরা মান্নান হত্যার আসামি গ্রেপ্তার করেছি। এই মামলার আরও আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা বিধিমোতাবেকে এগিয়ে যাচ্ছি। এই হত্যাকাণ্ড তদন্তে কারও নিয়ন্ত্রণ নেই।’

১১ জুলাই রাতে ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিরহাট এলাকায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত হন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক আবদুল মান্নান।