স্বেচ্ছাসেবক লীগ 'সাহসের ঠিকানা'
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে এবার ‘ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীদের সাহসের ঠিকানা’ বলে অভিহিত করেছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সংগঠনটির জেলা কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ‘বাংলাদেশের প্রতিটি জায়গায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষ ছড়িয়ে আছে। এই স্বেচ্ছাসেবক লীগ পরিচালিত হচ্ছে পরীক্ষিত ও ত্যাগী নেতা-কর্মীদের মাধ্যমে। স্বেচ্ছাসেবক লীগ হচ্ছে ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীদের সাহসের ঠিকানা।’
এর আগে ১১ জুলাই মহানগর স্বেচ্ছাসেবক লীগের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেছিলেন, ‘ছাত্রলীগ, যুবলীগের চেয়েও সিলেটে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ অত্যন্ত সুশৃঙ্খল ও সুসংগঠিত। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অগ্রসৈনিক হয়ে সংগঠনটি সিলেটের রাজপথসহ সাধারণ মানুষের কল্যাণে যে নিরলস ভূমিকা পালন করে যাচ্ছে, তা উজ্জ্বল সম্ভাবনাময় দৃষ্টান্ত।’
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদের সঞ্চালনায় অভিষেকে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ প্রধান বক্তার বক্তব্য দেন।