স্বৈরাচার পতন দিবসে চট্টগ্রামে নোমান-খসরুর আলাদা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, ৫ জানুয়ারির নীল নকশার নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের কবর রচিত হয়েছে এবং জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে নব্য স্বৈরাচার হাসিনা সরকার।
স্বৈরাচার এরশাদের পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের হালিশহরের একটি কমিউনিটি সেন্টারে পাহাড়তলী ও হালিশহর থানা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আবদুল্লাহ আল নোমান আরও বলেন, পৃথিবীতে কোনো স্বৈরাচারী সরকারের পরিণতি সুখকর ছিল এ রকম কোনো দৃষ্টান্ত নেই। স্বৈরাচারের পরিণতি হয় কঠিন এবং ঘৃণ্যতম। বর্তমান ক্ষমতাসীন স্বৈরাচারের পরিণতিও ভয়াবহ হবে। চলমান গণ-আন্দোলনের ধারাবাহিকতায় গণ-অভ্যুত্থান যখন সৃষ্টি হবে তখন তাসেরঘরের মতো স্বৈরাচারী সরকারের মসনদ তছনছ হয়ে যাবে।
আবদুল্লাহ আল নোমান বিএনপির নেতা-কর্মীদের ‘নব্য স্বৈরাচার শেখ হাসিনা নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’—এই স্লোগানে এক হয়ে আন্দোলন করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
হালিশহর থানা বিএনপির আহ্বায়ক জামাল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন পাহাড়তলী থানা বিএনপির আহ্বায়ক শামসুল আলম, হালিশহর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহরাব প্রমুখ। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর, আবদুস সাত্তার, কাজী আকবর ও কাজী বেলাল।
নাসিমন ভবনে খসরু: চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বৈরাচারের পতন ঘটাতে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে গণ-আন্দোলন করেছিল। স্বৈরাচারের হাত থেকে দেশের মানুষ আন্দোলন করে গণতন্ত্র উদ্ধার করেছিল। সেই গণতন্ত্র আবার স্বৈরাচারের বাক্সে বন্দী হয়ে গেছে। আওয়ামী লীগ স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়ে গণতন্ত্র ধ্বংস করেছে। দেশের গণতন্ত্রকে দুই স্বৈরাচারের কবল থেকে উদ্ধার করতে হবে।
স্বৈরাচার পতন দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে খসরু এ কথা বলেন। গতকাল শনিবার বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়। নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ বেগম রোজী কবির, উত্তর জেলা বিএনপি আহ্বায়ক আসলাম চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মাহবুবুর রহমান প্রমুখ।
আমীর খসরু আরও বলেন, দেশ এখন ভয়াবহ সংকটে। ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলকারী আওয়ামী লীগ একের পর এক সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে। রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা তাদের একমাত্র হাতিয়ার। গণ-আন্দোলনের ভয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে বানোয়াট ও সাজানো মামলা দিয়ে বিচারের চেষ্টা করছে। কিন্তু দেশের জনগণ সেই স্বপ্ন কখনো সফল হতে দেবে না এবং গণ-অভুত্থ্যানের মাধ্যমে তাদের পতন ঘটানো হবে।