স্মৃতিসৌধে যাননি রওশন এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ গতকাল সোমবার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যাননি। গত বছরও তিনি সেখানে যাননি। তাঁর দলের কয়েকজন নেতা বলেছেন, ঠান্ডাজনিত কারণে তিনি সশরীরে হাজির হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যেতে পারেননি।
একজন নেতা বলেছেন, সকালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরবর্তী হবু আন্ডার সেক্রেটারি টম শেননের সঙ্গে বৈঠক থাকায় শেষ মুহূর্তে বিরোধীদলীয় নেতা স্মৃতিসৌধে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওই নেতা দাবি করেন, তাঁর জানামতে রওশন এরশাদের স্মৃতিসৌধে যাওয়ার কথা ছিল।
এ ব্যাপারে জানতে চেয়ে বিরোধীদলীয় নেতার তথ্য ও জনসংযোগ শাখায় যোগাযোগ করা হলে সেখানকার কর্মকর্তা মামুন হাসান প্রথম আলোকে বলেন, ‘ম্যাডামের ঠান্ডাজনিত সমস্যা আছে। তবে তিনি এ ধরনের সব অনুষ্ঠানে উপস্থিত থাকেন। জাতীয় স্মৃতিসৌধে যান। শহীদ মিনারে যান। কিন্তু এবার শারীরিক কারণে যেতে পারেননি। তবে তাঁর পক্ষ থেকে দলের দুই নেতা শওকত চৌধুরী ও নুরুল ইসলাম শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আর দলের পক্ষ থেকে দলীয় চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।’
কর্মকর্তা মামুন আরও বলেন, ‘রাষ্ট্রে বিরোধীদলীয় নেতা কেবল একজন ব্যক্তি নন, এটি একটি প্রতিষ্ঠানও। ম্যাডাম সে ব্যাপারে সচেতন আছেন। তাঁর না যাওয়ার পেছনে ভিন্ন ব্যাখ্যা খোঁজার কোনো কারণ নেই।’