
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেখান থেকে ফিরে তিনি শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেন। বিকেলে রাজধানীতে আনন্দ শোভাযাত্রা বের করে বিএনপি।
গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে সাভার স্মৃতিসৌধে যান খালেদা জিয়া। পরে দলের নেতা-কর্মীদের নিয়ে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিএনপির সঙ্গে যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ফুল দেওয়া হয়।
স্মৃতিসৌধে খালেদা জিয়ার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ‘বিএনপি মুক্তিযুদ্ধে বিশ্বাসী একটি দল। আজকে আমাদের স্বাধীনতার ৪৫ বছর হতে চলেছে। এখন নতুন সমাজ ও নতুন দেশ গড়ার জন্য বেগম জিয়া যে লক্ষ্য নির্ধারণ করেছেন, সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে।’
জিয়ার কবরে শ্রদ্ধা: স্মৃতিসৌধে ফুল দিয়ে এসে খালেদা জিয়া নেতা-কর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি কবর প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের মিলাদ মাহফিলেও অংশ নেন।
স্বাধীনতা শোভাযাত্রা: বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে স্বাধীনতা শোভাযাত্রা বের করে বিএনপি। এতে দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। এ সময় নেতা-কর্মীরা ঢোল-বাদ্য নিয়ে শোভাযাত্রায় অংশ নেন এবং আনন্দ-উল্লাস করেন। শোভাযাত্রাটি বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ মোড় হয়ে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
শোভাযাত্রা-পূর্ব সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ফখরুল বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। যে আশা ও স্বপ্ন নিয়ে স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, আজ স্বাধীনতার ৪৫ বছর পরে এখনো গণতান্ত্রিক অধিকারের জন্য আমাদের চিৎকার করতে হচ্ছে। ’