স্লোগানে ত্যক্ত-বিরক্ত নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন। যথারীতি বক্তব্য দিচ্ছিলেন নেতারা। সমাবেশস্থলে চলছিল নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের পক্ষে স্লোগান, হইচইপূর্ণ মিছিল ও মুহুর্মুহু করতালি। এক পক্ষের স্লোগান চলে, বক্তা বক্তব্য থামিয়ে দেন। আবার বক্তব্য শুরু করতেই, আরেক পক্ষের স্লোগান। বক্তব্য দেওয়ার সময় এমন স্লোগান, মিছিল আর করতালিতে ত্যক্ত-বিরক্ত হলেন সেখানে যাওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। একপর্যায়ে ক্ষোভও প্রকাশ করলেন তাঁরা। হুমকি-ধমকিও দিলেন।

আজ দুপুর ১২টার দিকে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে এ সম্মেলন শুরু হয়। একপর্যায়ে বক্তব্য দিতে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। কিন্তু বিভিন্ন পক্ষের স্লোগান-করতালিতে বিরক্ত হয়ে বক্তব্য থামিয়ে তিনি স্লোগানদাতাদের ধমক দেন। একজন পদপ্রত্যাশীর নাম উল্লেখ করে তিনি বলেন, ‌‘তাঁকে আমরা চিনি, স্লোগান দিয়ে চেনাতে হবে না।'
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন স্লোগানে বিরক্ত হয়ে হুমকিও দিলেন। বললেন, ‌‘আপনারা যে নেতার নামে স্লোগান দিচ্ছেন, এতে তাঁর রাজনৈতিক ক্ষতিই হবে। স্লোগানে কোনো লাভ হবে না।’
এ নেতারা ধমক ও হুমকি দিয়ে ক্ষোভ প্রকাশ করলেও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ক্ষোভ ঝাড়লেন রসিকতায়। বললেন, ‘ভালো হলো, আপনাদের স্লোগানের সময় আমি একটু দম নিতে পারি।’
তবু থামছিল না স্লোগান-করতালি। অবস্থা বুঝতে পেরে এবার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, ‌‌‘আমার সঙ্গে সবাই স্লোগান ধরেন—জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ তখন সবাই মিলে এ স্লোগান দিতে শুরু করেন। নানক স্লোগান থামাতেই আবার শুরু যথারীতি স্থানীয় নেতাদের নামে সব স্লোগান।
শেষে বক্তব্য দিতে ওঠেন সম্মেলনের সভাপতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। উঠেই তিনি বললেন, ‘সভাপতি হিসেবে এক ঘণ্টার জন্য সম্মেলন মুলতবি ঘোষণা করছি।’ চারদিকে তখনো চলছিল স্লোগান।
এক ঘণ্টা পর মঞ্চে আসেন সৈয়দ আশরাফুল। বললেন, ‘ময়মনসিংহ জেলা কমিটি স্থগিত করা হলো। আর সামান্য জটিলতার কারণে নতুন কমিটি ঘোষণা করা যাচ্ছে না।’
সৈয়দ আশরাফের এই ঘোষণার পর স্লোগান বন্ধ হয়ে যায়। স্লোগানদাতারা সমাবেশস্থল থেকে বের হয়ে যেতে থাকলেন। তখন অবশ্য আর কোনো স্লোগান শোনা গেল না।