সড়ক অবরোধ করল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নান্দাইল উপজেলা ছাত্রলীগের দুই নেতাকে আটকের প্রতিবাদে গতকাল সোমবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক দেড় ঘণ্টা অবরোধ করেন কর্মীরা। এ সময় তাঁরা মিছিল করে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অপসারণের দাবি করেন।
নান্দাইল মডেল থানা-পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাতে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানুরামপুর এলাকা থেকে রাজু নামের এক ব্যক্তিকে চুরির অভিযোগে থানাহাজতে রাখা হয়। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নান্দাইল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাহ আলম ও শিক্ষাবিষয়ক সম্পাদক আশিকুজ্জামান থানায় আসেন। তাঁরা দুজন কাউকে কিছু না বলে অভিযুক্ত রাজুকে দেখার জন্য সোজা হাজতে প্রবেশ করতে যান। এ সময় হাজতের সামনে কর্তব্যরত পুলিশ কনস্টেবল তাঁদের পরিচয় জানতে চান। এতে তাঁরা ক্ষুব্ধ হয়ে জোর করে হাজতখানায় ঢুকতে চান। একপর্যায়ে ওই দুজন থানার পুলিশের অন্য সদস্যদের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হন। পরে তাঁদের দুই নেতাকে আটক করে হাজতে রাখা হয়।
আটকের খবরটি উপজেলা ছাত্রলীগের অন্য নেতা-কর্মীদের কানে গেলে তাঁরা নান্দাইল পৌর শহরের নতুনবাজার এলাকায় একত্র হন। তাঁরা বেলা পৌনে দুইটা থেকে দেড় ঘণ্টা ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে রিকশার টায়ার জ্বালিয়ে ও বেঞ্চ ফেলে অবরোধ করে রাখেন। সেখানে উপস্থিত নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মঞ্জিল হাসান বলেন, তাঁদের সংগঠনের দুই জ্যেষ্ঠ নেতার সঙ্গে পুলিশ দুর্ব্যবহার করে হাজতে আটকে রেখেছে।
এদিকে সড়ক অবরোধ করে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা ওসির অপসারণ দাবি করে মিছিল শুরু করেন। পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলামের উদ্যোগে অবরোধ তুলে নেওয়া হয় ।
এ বিষয়ে ওসি মো. আতাউর রহমান বলেন, থানায় ঢুকে পুলিশের সঙ্গে অসদাচরণ করায় ছাত্রলীগের দুই নেতাকে আটক করা হয়েছিল। তাঁরা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দেন। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।