সড়ক দুর্ঘটনা রোধে পদক্ষেপ নেই বললেই চলে: জি এম কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জি এম কাদের
ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা জি এম কাদের বলেছেন, সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেই বললেই চলে। ফলে প্রতিদিনই সড়কে অসংখ্য মানুষের প্রাণ যাচ্ছে। আজ শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে রোড সেফটি ফাউন্ডেশনের বরাত দিয়ে জি এম কাদের বলেন, ১ থেকে ৫ মে পর্যন্ত পাঁচ দিনে ১১২টি সড়ক দুর্ঘটনায় ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৬ জনই মোটরসাইকেল আরোহী। ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ১৭৮টি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৪৯ জনের। এর মধ্যে মোটরসাইকেল আরোহী ছিলেন ৯৭ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অসংখ্য মানুষ।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে তাঁদের। অনিরাপদ সড়কের কারণে নিহত ব্যক্তিদের পরিবারের সামনে আনন্দের ঈদ শোকাবহ হয়ে এসেছে। গত অর্ধশতাব্দীতেও সড়কপথ নিরাপদ হয়নি। ফলে প্রতিদিনই সড়কে মানুষের প্রাণ যাবে, এটাই যেন স্বাভাবিক। কিন্তু দেশের মানুষ প্রতিদিন এমন মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনতে চায় না।

বিবৃতিতে বিরোধী দলের উপনেতা সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান। সড়ক দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দাবি জানান জি এম কাদের।