সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলেসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গতকাল রোববার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও শিশুসন্তান নিহত হয়েছে। এর আগের দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একজন প্রাণ হারিয়েছেন।
গতকাল ঢাকা-সিলেট মহাসড়কে আশুগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে এর পেছনে পরপর কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় মহাসড়কে যানজট সৃষ্টি হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদরে নিহত দুজন হলেন জেলা শহরের কাজিপাড়া মহল্লার সৈয়দবাড়ির রনি খাঁ (৩৫) ও তাঁর ছেলে ইমরান খান (৭)। গজারিয়ায় নিহত ব্যক্তির নাম জৈনদ্দিন সরকার (৪৮)। তাঁর বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
ব্রাহ্মণবাড়িয়া: গতকাল সকালে রনি তাঁর ছেলে ইমরানকে নিয়ে মোটরসাইকেলে করে আশুগঞ্জ থেকে সদর উপজেলায় নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। কুমিল্লা-সিলেট মহাসড়কে সদর উপজেলার সুহিলপুর গুরুবাজার এলাকায় পেছন দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক রনির মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রনি ও ইমরান রাস্তার মধ্যে পড়ে যান। তাঁদের ওপর দিয়ে ট্রাকটি চলে যায়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে মারা যান। পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।
দাউদকান্দি (কুমিল্লা): জৈনদ্দিন সরকারের ছেলে সজীব সরকার বলেন, ঢাকা থেকে ব্যক্তিগত গাড়িযোগে বাড়ি আসার সময় শনিবার রাত নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়া উপজেলার ভবেরচরে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে জৈনদ্দিন সরকার ও অপর আরোহী মো. কাওসার (৩০) আহত হন। হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে জৈনদ্দিন সরকার মারা যান।