সড়ক পরিবহনে নৈরাজ্য দূর করুন: ওয়ার্কার্স পার্টি

সড়ক ও পরিবহনে নৈরাজ্য অব্যাহত থাকা, বাস থেকে ফেলে যাত্রী হত্যা এবং সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। আজ মঙ্গলবার এক বিবৃতিতে তাঁরা বলেন, সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও সড়ক নিরাপদ করার জন্য প্রধানমন্ত্রীর ৫ দফা নির্দেশনাও কোনো কাজে লাগছে না।
তাঁরা বলেন, সড়ক পরিবহনে নৈরাজ্যকর অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি বরং তার বিস্তৃতি ঘটেছে। পরিবহনকর্মীদের দ্বারা যাত্রীদের ধাক্কা মেরে ফেলে দিয়ে হত্যা করা, নারী লাঞ্ছনার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। সড়ক কর্তৃপক্ষ তাদের পরিসংখ্যানে দুর্ঘটনার হার কমেছে বলে দাবি করলেও, প্রকৃত সত্য হচ্ছে দুর্ঘটনায় হতাহত মানুষের সংখ্যা বাড়ছে।
বিবৃতিতে দুই নেতা বলেন, সাম্প্রতিক সময়ে স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীদের ‘নিরাপদ সড়ক’ দাবিতে চলা সপ্তাহব্যাপী স্বতঃস্ফূর্ত আন্দোলন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সড়ক ব্যবস্থাপনায় নৈরাজ্য ও ত্রুটি কী পরিমাণে বিদ্যমান। সড়ক ও পরিবহন ব্যবস্থাপনায় বিদ্যমান নৈরাজ্য ও ত্রুটি না সারালে অবস্থার কোনো পরিবর্তন হবে না, তা ‘সড়ক পরিবহন’ সংশ্লিষ্ট সব পক্ষ বা অংশীজনকে অনুধাবন করতে হবে।
বিবৃতিতে তাঁরা বলেন, পরিবহন খাত একটি জরুরি প্রয়োজনীয় সেবা খাত। এই খাতে বিনিয়োগকারী উদ্যোক্তাদের উগ্র মুনাফা প্রতিযোগিতার মনোবৃত্তি থেকে বেরিয়ে এসে সেবার মানসিকতা হিসেবে নিতে হবে। তাঁরা আরও বলেন, পরিবহন খাতে নিয়োজিত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং সচেতনতা বৃদ্ধি কর্মসূচি গ্রহণ করা, শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, মজুরি ও বিশ্রামের অধিকার নিশ্চিত হলে এই খাতে শৃঙ্খলা ফিরে আসবে। এই অধিকার বাস্তবায়নের দায়িত্ব নিয়োগ কর্তৃপক্ষ ও সরকারের। ইতিমধ্যে সরকার ‘সড়কে শৃঙ্খলা’ আনয়নে ২০টি সিদ্ধান্ত নিয়েছে। এর যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন না হলে তা কোনো কাজে আসবে না।