চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক বন্ধ করে আওয়ামী লীগের একজন চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে পথসভা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সাতকানিয়া-বাঁশখালী সড়কের এওচিয়া টেক এলাকায় এই পথসভা হয়। পথসভা চলাকালে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যানবাহনের যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হয়।
উপজেলার এওচিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলামের সমর্থনে জেলা আওয়ামী লীগ গতকাল দুপুরে এওচিয়ার টেক এলাকায় ওই পথসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ। বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন, আইন-বিষয়ক সম্পাদক মির্জা কচির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সদস্য আবুল কালাম আজাদ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব ও দলীয় প্রার্থী নজরুল ইসলাম।
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও এওচিয়া ইউনিয়নের ভোটার মো. আবু ছালেহ প্রথম আলোকে বলেন, সড়ক বন্ধ করে পথসভা করা হয়নি। সড়কের পাশে পথসভা করার সময় লোকজনের উপস্থিতি বেশি হওয়ায় কিছু লোক সড়কের ওপর দাঁড়িয়ে যান।