হজ নিয়ে আপত্তিকর মন্তব্য লতিফ সিদ্দিকীর
পবিত্র হজ, তাবলিগ জামাত, প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়, প্রবাসী বাংলাদেশি ও সাংবাদিকদের বিষয়ে বিরূপ মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি বলেছেন, ‘আমি জামায়াতে ইসলামীরও বিরোধী। তবে তার চেয়েও বেশি হজ ও তাবলিগ জামাতের বিরোধী।’
নিউইয়র্কে সেখানকার স্থানীয় সময় রোববার বিকেলে এক মতবিনিময় অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী এ বক্তব্য দেন। জ্যাকসন হাইটসের একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে নিউইয়র্ক টাঙ্গাইল সমিতি। তাঁর বক্তব্যের ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেশের একাধিক বেসরকারি টেলিভিশনেও তা প্রচার করা হয়।
পবিত্র হজ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী। তবে তার চেয়েও হজ ও তাবলিগ জামায়াতের বেশি বিরোধী।’ তিনি বলেন, ‘এ হজে যে কত ম্যানপাওয়ার (জনশক্তি) নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাম নাই। এদের কোনো প্রডাকশন নাই। শুধু ডিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা বিদেশে দিয়ে আসছে।’
লতিফ সিদ্দিকী বলেন, ‘অ্যাভারেজে (গড়ে) যদি বাংলাদেশ থেকে এক লাখ লোক হজে যায়; প্রত্যেকের পাঁচ লাখ টাকা করে ৫০০ কোটি টাকা খরচ হয়।’ তিনি হজ কীভাবে এসেছে বলতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কেও আপত্তিকর বক্তব্য দেন।
তাবলিগ জামাতের সমালোচনা করে আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘তাবলিগ জামাত প্রতিবছর ২০ লাখ লোকের জমায়েত করে। নিজেদের তো কোনো কাজ নেই। সারা দেশের গাড়িঘোড়া তারা বন্ধ করে দেয়।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়েও মন্তব্য করেন লতিফ সিদ্দিকী। তিনি বলেন, ‘কথায় কথায় আপনারা জয়কে টানেন কেন? জয় ভাই কে? জয় বাংলাদেশ সরকারের কেউ নন। তিনি কোনো সিদ্ধান্ত নেওয়ারও কেউ নন। তিনি পরামর্শ দিতে পারেন। কিন্তু সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার।’
লতিফ সিদ্দিকী প্রবাসীদের উদ্দেশে বলেন, ‘বিদেশে এসেছেন কামলা দিতে, রাজনীতি করার দরকার কী?’
দেশের টেলিভিশন চ্যানেলগুলোর ‘টক শো’র আলোচকদের ‘টকমারানি’ বলে কটাক্ষ করেন সরকারের এই জ্যেষ্ঠ মন্ত্রী। তিনি বলেন, ‘যারা টক শোতে যায়, তারা টকম্যান। নিজেদের কোনো কাজ না থাকায় ক্যামেরার সামনে যেয়ে তারা বিড়বিড় করে। এই টকমারানিদের আর কোনো কাজ নেই।’
অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়েও বারবার মেজাজ হারান টাঙ্গাইল থেকে নির্বাচিত সাংসদ আবদুল লতিফ সিদ্দিকী। তিনি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ধমক দিয়ে বলেন, ‘আমি কি তোমার মতো কথা বলব? আমি আমার মতো কথা বলব। তুমি এখানে আসলা কেন, তোমাকে কে বলেছে আসতে?’
ওই অনুষ্ঠানে লতিফ সিদ্দিকীর পাশে অন্যদের সঙ্গে মঞ্চে ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী নুরুন্নবী। পরে তিনি প্রথম আলোকে বলেন, ‘সভায় কোনো উপস্থাপক ছিলেন না, মন্ত্রী একাই বক্তব্য রেখেছেন। তাঁর এসব বক্তব্য খণ্ডন করার বা বক্তব্য রাখার কোনো সুযোগ আমরা পাইনি।’
লতিফ সিদ্দিকীর এসব বক্তব্য সম্পর্কে জানতে চাইলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গত রাতে প্রথম আলোকে বলেন, ‘টেলিভিশন চ্যানেলে আমি তাঁর বক্তব্য শুনেছি। এ ধরনের বক্তব্য অত্যন্ত নিন্দনীয়। এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সুস্থ মস্তিষ্কের কোনো মানুষের পক্ষে এ ধরনের মন্তব্য করা সম্ভব নয়।’ আর সজীব ওয়াজেদ জয় সম্পর্কে লতিফ সিদ্দিকীর মন্তব্যের বিষয়ে আসাদুজ্জামান নূর বলেন, জয় সরকারের কেউ না, এটা ঠিক না। তিনি প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে লতিফ সিদ্দিকী নিউইয়র্কে যান। তিনি এখনো সেখানে অবস্থান করছেন।