হঠাৎ প্রশাসনিক ভবনে ছাত্রলীগের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর নবীনবরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা না হওয়ায় লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রশাসনিক ভবনে গতকাল বুধবার দুপুরে তালা ঝুলিয়ে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় কলেজের উপাধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখা হয়। তালা ঝোলানোর প্রায় দুই ঘণ্টা পর কলেজে যায় পুলিশ। পরে ছাত্রলীগের কয়েকজন নেতা তালা খুলে দেন।

কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাফসান জানি বলেন, ২০১১ সালের পর থেকে কলেজে নবীনবরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে না। নিয়মিত ক্লাস না হওয়ায় সাধারণ ছাত্রছাত্রীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। পরে দুপুরে পুলিশ আসার পর তিনিসহ কয়েকজন ছাত্র তালা খুলে দেন।

অবশ্য কলেজের একটি সূত্র জানায়, কিছুদিন আগে অনার্স প্রথম বর্ষের কিছু শিক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণের টাকা নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ছাত্রলীগের মতবিরোধ দেখা দেয়। গতকালের ঘটনার সঙ্গে এর যোগসূত্র রয়েছে।

এ বিষয়ে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক বলেন, ওই বিষয়টি অনেক আগেই মীমাংসা হয়েছে।

 কলেজের উপাধ্যক্ষ আবু তাহের বলেন, ‘হঠাৎ কয়েকজন ছাত্র প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। তারা তালা ঝোলানোর আগে কোনো দাবি নিয়ে আমার কাছে অাসেনি। পরে পুলিশ আসার পর ছাত্রনেতারাই তালা খুলে দিয়েছে।’