হতাশা ও ক্ষোভ তৃণমূল নেতা-কর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থগিত হওয়া ফরিদপুর জেলা বিএনপির তৃণমূল প্রতিনিধি সম্মেলন ৩০ নভেম্বর সকাল ১০টায় ঢাকার নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভাসানী হলে অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিনের বাসভবনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী ফরিদপুর জেলা, উপজেলা ও পৌরসভা কমিটির পাঁচজন করে সদস্য প্রতিনিধি সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। ১৪ নভেম্বর ফরিদপুরে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় ১৫১ সদস্যবিশিষ্ট জেলা কমিটির সব সদস্যই আমন্ত্রিত হয়েছিলেন।

ঢাকায় সীমিত সংখ্যক নেতা নিয়ে প্রতিনিধি সভা আহ্বানের এ সিদ্ধান্তে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন ফরিদপুরের তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির পাঁচজন তৃণমূল নেতা-কর্মী বলেন, এ ঘটনায় জেলা বিএনপির আগামী সম্মেলনের নামে একটি পকেট কমিটি করার পরিবেশ তৈরি হবে। যাঁরা এত দিন বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তাঁরা নেতা-কর্মীদের জবাবদিহির ভয়ে তৃণমূল নেতা-কর্মীদের এড়াতে কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে তৃণমূল প্রতিনিধি সভা ঢাকায় স্থানান্তর করেছেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া বলেন, ‘আমি মনে করি এ সিদ্ধান্ত তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে প্রতারণার শামিল। যাদের নিয়ে এই প্রতিনিধি সভা, তাদের অনুপস্থিতি এ সম্মেলনকে হাস্যকর করে তুলবে। এই প্রক্রিয়ার পুনর্বিবেচনার দাবি জানাই। না হলে আমরা চেরয়পারসনের হস্তক্ষেপ কামনা করতে বাধ্য হব।’ জেলা ছাত্রদলের সভাপতি বেনজীর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা যারা আন্দোলন, সংগ্রাম, হরতাল, অবরোধে ভূমিকা রেখেছি, হামলা, মামলা জেল-জুলুম সহ্য করেছি, সেখানে আমরা জানি না অথচ তৃণমূল সভা হচ্ছে এটা আমরা চাই না। আমরা চাই ফরিদপুরে এসে সম্মেলন করে কমিটি করা হোক।’

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন বলেন, তৃণমূল প্রতিনিধি সভায় সুপার ফাইভ থাকায় বাদ পড়ে যাচ্ছে তৃণমূল। ৩০ তারিখের সভায় কমিটি করার প্রক্রিয়ার মধ্যে পড়বে না। দল কীভাবে গঠন হবে, সে বিষয়ে আলোচনা হবে। জেলায় এসে সম্মেলন করে তৃণমূলের মতামত নিয়ে জেলা কমিটি গঠন করতে হবে।

১৪ নভেম্বর ফরিদপুরে তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ওই সভায় কে সভাপতিত্ব করবেন, এ নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় ১৩ নভেম্বর রাতে ওই সভা স্থগিত করা হয়।