
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হতাশা থেকে সরকারি দলের শীর্ষ পর্যায়ের পরিবার নিয়ে কুৎসা রটনার নোংরা খেলায় মেতে উঠেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
গতকাল মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এই অভিযোগ করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত শনিবার প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে যে বক্তব্য দেন, এর জবাব দিতেই সংবাদ সম্মেলন ডাকা হয়।
হাছান মাহমুদ খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘খালেদা জিয়া নির্বাচনে অংশ না নিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাঁর নেতা-কর্মীরা প্রচণ্ড হতাশায়। এ জন্য তিনিও হতাশাগ্রস্ত। হতাশা ঢাকার জন্য সরকার, সরকারি দল ও সরকারের শীর্ষ পর্যায়ের পরিবার সম্পর্কে কুৎসা রটনা করছেন।’
আওয়ামী লীগের বিগত সাত বছরের শাসনামলে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে—খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, বিএনপির আমলে হাওয়া ভবন প্রতিষ্ঠা করে খালেদা জিয়ার ছেলের নেতৃত্বে টাকা লুটপাট করা হয়েছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে কয়েক লাখ কোটি টাকা দুর্নীতি হয়েছে।
বিএনপির আমলে বিদ্যুতের খাম্বা লাগিয়ে ২১ হাজার কোটি টাকা লোপাট করা হয়েছিল—এমন দাবি করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তিনি (খালেদা) কালোটাকা সাদা করেছেন। আয়ের উৎস দেখাতে পারেননি। এ জন্য তাঁর ইনকাম ট্যাক্সের ফাইল ক্লিয়ার হয়নি। শুধু খালেদা জিয়া, তাঁর সন্তান ও পরিবারের অন্য সদস্যরা, বিশেষ করে তাঁর ভাইয়েরা ৯৮০ কোটি ২০ লাখ টাকা লোপাট করেছে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবদুস সোবহান গোলাপ, আব্দুছ সাত্তার, সুজিত রায় নন্দী প্রমুখ।