হত্যা-গুমে জড়িত আ.লীগ : খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যাসহ সাম্প্রতিক সময়ে সংঘটিত সব হত্যা ও গুমের সঙ্গে আওয়ামী লীগ এবং তাদের দোসররা জড়িত। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শফিউর রহমান মিলনায়তনে বিএনপি-সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইফতার ও আলোচনা সভায় খালেদা জিয়া এ অভিযোগ করেন।
চট্টগ্রামে পুলিশ (এসপি) কর্মকর্তার স্ত্রী মাহমুদা খানমের হত্যার কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, পুলিশ কর্মকর্তার স্ত্রী হয়েও খুন হতে হলো। এখন পর্যন্ত তার কোনো কারণ বের করা যায়নি। এসব খুনের সঙ্গে আওয়ামী লীগ ও তাদের দোসররা জড়িত। তাদের ধরলেই সব তথ্য বেরিয়ে আসবে।
খালেদা জিয়া বলেন, ‘ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের নামে থাকা ১৫টি মামলা থেকে মুক্ত হয়েছেন। অথচ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে টানাহেঁচড়া করা হচ্ছে।’
নাইকো দুর্নীতির ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করে খালেদা জিয়া এ ঘটনায় শেখ হাসিনাকে অভিযুক্ত করেন। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে নাইকো দুর্নীতির মামলা চলতে হলে শেখ হাসিনাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। খালেদা জিয়া দাবি করেন, দেশে দুই ধরনের আইন চলছে। বিরোধী দলের নেতা-কর্মীদের দ্রুত বিচার করা হচ্ছে। অন্যদিকে সরকারি দলের নেতা-কর্মীরা অপরাধ করলেও ছাড় পেয়ে যাচ্ছেন।
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যদি বিএনপির নেতা-কর্মীদের মামলা দিয়ে, সাজা দিয়ে নির্বাচন করতে চায়, তা সহজ হবে না। সেই নির্বাচন দেশে-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্য হবে না।
খালেদা জিয়া বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই। বিচার বিভাগের স্বাধীনতা নেই। নির্বাচিত সরকার নেই। যারা আছে, তারা স্বঘোষিত এবং অনির্বাচিত, অবৈধ সরকার। তাই এই অবৈধ সরকার যত আইন পাস করুক না কেন, জনগণের কাছে তা গ্রহণযোগ্য হবে না। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। মানুষ অত্যাচারে জর্জরিত। মানুষ এখন আর এই সরকারের আইন মানতে রাজি নয়। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ র্যাব-পুলিশ দিয়ে, গুম-খুন করে মানুষকে দাবিয়ে রেখে ক্ষমতা স্থায়ী করতে চায়।
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান টি এইচ খানের সভাপতিত্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার প্রমুখ বক্তব্য দেন।