ছয় বছর পর যশোর জেলা ছাত্রলীগের সম্মেলন হচ্ছে আজ সোমবার। সম্মেলন নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হলেও রয়েছে উদ্বেগ-উৎকণ্ঠাও।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ইতিমধ্যে ৪০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ১৮ জন সভাপতি ও ২২ জন সাধারণ সম্পাদক পদে লড়ছেন। প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করতে ইতিমধ্যে কেন্দ্রে পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন।
যশোরে ছাত্রলীগের দুটি পক্ষ সক্রিয় রয়েছে। এক পক্ষ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ও অপর পক্ষ সাংসদ কাজী নাবিল আহমেদের অনুসারী। দুই পক্ষই রাজপথে সরব রয়েছে।
নেতা-কর্মী সূত্র জানায়, সভাপতি ও সম্পাদক পদের প্রার্থীদের মধ্যে অধিকাংশেরই ছাত্রত্ব নেই। তাঁদের বয়স বেশি। তাঁরা বিবাহিত। অনেকের বিরুদ্ধে হত্যা ও ছিনতাইয়ের মামলা রয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরের জীবনবৃত্তান্ত সংগ্রহ করে কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠিয়েছেন বলে ছাত্রলীগের কয়েকজন নেতা নিশ্চিত করেছেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠানো তথ্যমতে, শাহীন চাকলাদার পক্ষের সভাপতি প্রার্থী রওশন ইকবাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াদ হত্যা মামলার আসামি। এ ছাড়া তিনি বিবাহিত। আরেকজন সভাপতি প্রার্থী শরীফ মাসুদও বিবাহিত। এ ছাড়া সাধারণ সম্পাদক পদের প্রার্থী সালসাবিল জিসানও একই হত্যা মামলার আসামি।
অপরদিকে সাংসদ কাজী নাবিল আহমেদের অনুসারীদের মধ্যে সভাপতি প্রার্থী সাঈদ সর্দারের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের জন্য তাঁকে যশোর জেলা ছাত্রলীগ থেকে এর আগে বহিষ্কারও করা হয় বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। অপর সভাপতি প্রার্থী তরিকুল ইসলামের ছাত্রলীগ করার বয়স নেই।
যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আজ সোমবার সকাল ১০টায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সম্মেলনের উদ্বোধন করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ৩০ হাজার থেকে ৩৫ হাজার নেতা-কর্মী এবারের সম্মেলনে যোগ দেবেন। এর মধ্যে ৫৪০ জন কাউন্সিলর ভোট দেবেন।
২০১১ সালের ১০ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগ সমঝোতার ভিত্তিতে আরিফুল ইসলামকে সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করে যশোর জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে।