বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) খুনের মামলার আসামি হারুনার রশিদ ওরফে সেলিমকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। এ ঘটনায় দলের একাংশের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার উপজেলার মথুরাপুর ইউনিয়নের প্রার্থী বাছাইয়ে সমাবেশ হয়। কিন্তু খুনের মামলায় অভিযুক্ত একজন আসামি মনোনয়নপ্রত্যাশী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী ওরফে তারিক ও সাধারণ সম্পাদক আবদুল হাই এবং মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ দলের একটি অংশ সমাবেশে উপস্থিত হয়নি। এরপরও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান ওরফে মজনুর উপস্থিতিতে মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হারুনার রশিদকে দলের মনোনয়ন দেওয়া হয়। হারুনার একটি হত্যা মামলার আসামি। এতে করে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আহম্মেদ বলেন, ‘জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একক সিদ্ধান্তে হত্যা মামলায় অভিযুক্ত একজন আসামিকে দলীয় মনোনয়ন দিয়েছেন। এতে এলাকার রাজনীতিতে দল সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। আমি ও ইউনিয়নের সাধারণ সম্পাদক দলীয় মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু আমরা একজন খুনির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মনোনয়ন নিতে রাজি নই। এ কারণে আমরা সমাবেশে উপস্থিত হইনি।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী বাছাই সমাবেশের কথা আমাদের জানাননি। তাই আমরা সমাবেশে অংশ নিতে পারিনি। জেলা আওয়ামী লীগের নেতা কীভাবে সমাবেশ এলেন, তা আমার জানা নেই।’
জেলা আওয়ামী লীগের নেতা মজিবর রহমান বলেন, ‘হারুনার রশিদের বিরুদ্ধে শক্তিশালী কোনো প্রার্থী ছিলেন না। তা ছাড়া মামলার বিষয়টি আমাকে কেউ জানাননি এবং সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া দলীয় অনেক নেতা-কর্মী সমাবেশে ছিলেন। তাঁদের ভোটেই হারুনার রশিদ নির্বাচিত হয়েছেন।’
হারুনার রশিদ বলেন, ‘রাজনৈতিকভাবে হয়রানি ও আমার জনপ্রিয়তা নষ্ট করার জন্য হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে আমাকে আসামি করা হয়েছে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান ওরফে জ্যোতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হারুনার রশিদের বাড়ি ধুনটের মথুরাপুর ইউনিয়নের প্রতাব খাদুলী গ্রামে। ২০১১ সালে মথুরাপুর ইউপি নির্বাচনে শফিউর ও হারুনার চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে দুজনই পরাজিত হন। এই বিরোধের জের ধরে ২০১৩ সালের ২২ জুন শফিউরের ছেলে সাজেদুর রহমান ওরফে রিপনকে অপহরণ করা হয়। ২৩ জুন সকালে ঢাকার গাজীপুরের জয়দেবপুরের জিরানী বাজার এলাকা থেকে সাজেদুরের লাশ উদ্ধার করে পুলিশ।
গাজীপুর জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই মহিউদ্দীন বলেন, শফিউর রহমানের ছেলে সাজেদুর রহমানকে নির্বাচনের বিরোধের জের ধরে অপহরণ ও হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে হারুনার রশিদসহ সাতজনের বিরুদ্ধে গত মাসের শেষ সপ্তাহে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।