হত্যা মামলার আসামিদের সঙ্গে সাংসদের ইফতার ও ভ্রমণ

বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান গত শনিবার একটি হত্যা মামলার পলাতক আসামির পাশে বসে ইফতার করেছেন। এর আগে একই হত্যা মামলার আরেক পলাতক আসামির সঙ্গে সাংসদ মোটরসাইকেলে করে শহরে ঘুরেছেন। আসামি দুজনই ছাত্রলীগের নেতা।
পলাতক আসামিরা হলেন বামনা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন মোল্লা ও বামনা উপজেলা যুবলীগের সভাপতি সরোয়ার হোসেন।
২০১৪ সালের ৮ অক্টোবর বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের অবসরপ্রাপ্ত স্পিডবোটচালক আবদুল জব্বার খানকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জব্বার খানের ছেলে নেসার উদ্দীন খান মামলা করেন। ডিবি পুলিশ মামলাটি দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের ২৮ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে ১২ জনকে আসামি করা হয়। আদালতে দেওয়া অভিযোগপত্র অনুযায়ী হেমায়েত মোল্লা ওই হত্যা মামলার ৮ ও সরোয়ার ১২ নম্বর আসামি। ডিবির দেওয়া অভিযোগপত্রে ওই দুই আসামিকে পলাতক বলে উল্লেখ করা হয়।
গত শনিবার ইফতার অনুষ্ঠানে উপস্থিত একাধিক দলীয় নেতা বলেন, বামনা উপজেলা আওয়ামী লীগের ব্যানারে বামনা আসমাতুন্নেসা পাইলট বালিকা বিদ্যালয় মিলনায়তনে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার (বামনা-বেতাগী-পাথরঘাটা) সাংসদ ইফতারের আধঘণ্টা আগে ছাত্রলীগের সাবেক নেতা হেমায়েত মোল্লাকে নিয়ে নিজের গাড়িতে করে নিয়ে অনুষ্ঠানে আসেন। গাড়ির সামনে জাতীয় সংসদের মনোগ্রাম লাগানো ছিল। পরে সাংসদের পাশে বসে হেমায়েত ইফতার করেন। ইফতার শেষে সাংসদের সঙ্গেই হেমায়েত অনুষ্ঠানস্থল থেকে চলে যান। ওই অনুষ্ঠানে একই হত্যা মামলার আরেক পলাতক আসামি সরোয়ার হোসেনও উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের কয়েকজন কর্মী বলেছেন, জব্বার হত্যা মামলায় যুবলীগের সাবেক নেতা ফিরোজ আলম গত বছরের ২৭ জানুয়ারি দিনাজপুর থেকে গ্রেপ্তার হন। এরপর হেমায়েতকে গ্রেপ্তারের জন্য বেশ কয়েকবার অভিযান চালায় পুলিশ। এরপর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। গতকালই তাঁকে সাংসদের সঙ্গে অনেক দিন পর এলাকায় দেখা যায়। তবে যুবলীগ নেতা সরোয়ার হোসেন এলাকাতে ছিলেন।
আওয়ামী লীগের কয়েকজন কর্মী আরও বলেন, সরোয়ার সাংসদের খুব ঘনিষ্ঠ। গত ২৩ মে সরোয়ার হোসেনের মোটরসাইকেলে করে সাংসদ বামনা শহর ঘোরেন। এ সময় সাংসদ মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ও সরোয়ার সাংসদের পেছনে বসে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সরোয়ার এর একটি ছবিও প্রকাশ করেছেন।
এ বিষয়ে সাংসদ শওকত হাচানুর বলেন, ছাত্রলীগের নেতা হিসেবে সরোয়ার ও হেমায়েত তাঁর সঙ্গে ছিলেন। তাঁরা হত্যা মামলার আসামি কিন্তু আদালত তো তাঁদের গ্রেপ্তার করার জন্য কোনো ওয়ারেন্ট ইস্যু করেননি। আর সবার সঙ্গে আলোচনা করেই শনিবারের ওই ইফতারের আয়োজন করা হয়েছিল।
এদিকে গত বৃহস্পতিবার সাংসদ পাথরঘাটায় তাঁর নিজের বাসভবনে ইফতারের আয়োজন করেন। সেখানেও হেমায়েত সাংসদের পাশে বসে ছিলেন। হত্যা মামলার পলাতক আসামিদের সঙ্গে সাংসদের সখ্য নিয়ে ক্ষুব্ধ উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম বলেন, শনিবার উপজেলা আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে আলাপ না করেই সাংসদ একতরফাভাবে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে ওই ইফতারের আয়োজন করেন। এরপর সাংসদ হত্যা মামলার পলাতক আসামি হেমায়েত ও সরোয়ার দুজনকে সঙ্গে নিয়ে ইফতার অনুষ্ঠানে এলে অনেকে তাঁকে ফোন করে বিষয়টি জানান। এ জন্য তিনি ও দলের অনেক নেতা-কর্মী ওই অনুষ্ঠানে যাননি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ। তিনি গতকাল রোববার বলেন, ‘হেমায়েত ও সরোয়ার দুজনই সাংসদের সঙ্গে ওই ইফতার অনুষ্ঠানে এসেছিল। এ নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে কিছুটা ক্ষোভের সৃষ্টি হয়েছে।’
তিনি আরও বলেন, অভিযোগপত্রে হেমায়েত ও সরোয়ার হত্যা মামলার আসামি। এখন বিষয়টি আদালতের এখতিয়ারে। আদালত তাঁদের বিরুদ্ধে ওয়ারেন্ট দিলে পুলিশ তাঁদের গ্রেপ্তারের উদ্যোগ নিতে পারে।