হত্যাকারীদের পরিবার দায় এড়াতে পারে না: হাছান মাহমুদ
গুলশানে রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় ঘটনায় নিহত জঙ্গিদের প্রসঙ্গে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, হত্যাকারীরা কোনো মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল না। দেশ-বিদেশের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল। তাদের পরিবার কোনোভাবেই এ দায় এড়াতে পারে না।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে গুলশানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ সব কথা বলেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এ সমাবেশের আয়োজন করে।
সাবেক এই মন্ত্রী বলেন, আজকে যারা ইসলামের নামে মানুষ হত্যা করছে তারা মুসলিম জাহান ও মানবতার শত্রু। গুলশানে ইসলামের নামে যারা এ হামলা করেছে তারা ইসলামের গায়ে কালিমা লেপন করছে। আমাদের রাসুল ও তাঁর সাহাবিগণ কখনোই নিরীহ মানুষ হত্যা করেননি, এমনকি তা যুদ্ধক্ষেত্রে হলেও সমর্থন করেননি।
গুলশানের ঘটনায় নিহত জঙ্গিদের প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, হত্যাকারীদের সবাই সমাজের উচ্চবিত্ত শ্রেণির সন্তান। তারা কোনো মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল না। দেশ-বিদেশের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল। তাদের পরিবার কোনোভাবেই এ দায় এড়াতে পারে না। তাই আমি অভিভাবকদের প্রতি অনুরোধ জানাব আপনার কোমলমতি সন্তানটি কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এগুলো নজর রাখুন।
হাছান মাহমুদ বলেন, এটি কেবল বিপথগামী কিছু তরুণের দ্বারা ঘটিত হত্যাকাণ্ড তা নয়, এটি বাংলাদেশের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্রের অংশ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন এ এগিয়ে যাওয়াকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে এ অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
গুলশানের ঘটনার পর গণমাধ্যমে পাঠানো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিবৃতির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, তিনি পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন কিন্তু সরকারকে ধন্যবাদ জানাতে তিনি কুণ্ঠাবোধ করেছেন। আজকে যারা বিভিন্ন জঙ্গি সংগঠনের নামে এসব সন্ত্রাসী কার্যক্রম করছে মানুষ হত্যা করছে তারা অতীতে জামায়াত-শিবিরের ক্যাডার ছিল। বিএনপি নেত্রীই বাংলাদেশে জঙ্গিবাদের আশ্রয় ও প্রশ্রয়দাতা এবং প্রধান পৃষ্ঠপোষক।
সমাবেশে হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ফজলুল হক, জিন্নাত আলী জিন্নাহ, অরুণ সরকার রানা, এমএ করিম প্রমুখ।