হত্যাকারীরা ভোটের মাধ্যমে প্রত্যাখ্যাত হবে: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি

রাজধানী ঢাকা ও বন্দরনগর চট্টগামের আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নগরবাসী বোমাবাজ ও মানুষ হত্যাকারীদের প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকেই ভোট দেবেন বলে আশা করছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ সোমবার সন্ধ্যায় নিজের নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজীপুরে এক জনসভায় তিনি এ আশা ব্যক্ত করেন। হাটশিরা গ্রামের ৩৫০টি পরিবারে বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন উপলক্ষে ওই জনসভা আয়োজন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া আন্দোলনে ব্যর্থ হয়ে শূন্য হাতে ঘরে ফিরেছেন। তিনি অনেক মানুষের রক্ত ঝরিয়েছেন। এখন সিটি করপোরেশনের নির্বাচনে তাঁর দল অংশ নিচ্ছে। এই নির্বাচনে নগরবাসী বোমাবাজ, মানুষ হত্যাকারীদের অবশ্যই প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের ভোট দেবেন। তিনি আরও বলেন, যে নেত্রীর নির্দেশে নিরপরাধ সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে; সেই নেত্রীর ভোটপ্রার্থনা এ দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। মানুষের অধিকার আদায়ের বুলি আউড়িয়ে খালেদা জিয়া সাধারণ মানুষের রক্তেই নিজের হাত রঞ্জিত করেছেন।
কাজীপুরের চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীন।