হবিগঞ্জ জেলা জাপার আহ্বায়ক কমিটি গঠন
হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির (জাপা) কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ আতিকুর রহমানকে আহ্বায়ক ও শংকর পালকে সদস্যসচিব করে ১১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি গত সোমবার নতুন আহ্বায়কের কাছে পৌঁছে। নতুন কমিটিতে আগের জেলা সভাপতি ও সাংসদ এম এ মুনিম চৌধুরীকে রাখা হয়নি। কমিটিতে দশজন যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে। তাঁরা হলেন, আজমান আলী, আবদুল হামিদ চৌধুরী, আব্দুল মোক্তাদির চৌধুরী, কাউছার-উল গনি, তৌহিদুল ইসলাম, আবদুল মুকিত লস্কর, এম এ মুমিন চৌধুরী, জিয়াউল হক, তাজুল ইসলাম, এম এ জলিল তালুকদার।
আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, জেলা সংগঠনটি দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিল। এ ছাড়া এ কমিটি নিয়ে দলের ভেতরে বিতর্ক থাকায় জাপার চেয়ারম্যান তাঁকে পুনরায় দল গঠনের দায়িত্ব দিয়েছেন।