হবিগঞ্জে জাতীয় পার্টির সম্মেলন নিয়ে দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির (এরশাদ) নেতা-কর্মীদের না জানিয়ে জেলা কমিটির আহ্বায়ক আগামী ৭ সেপ্টেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সন্মেলনে সংগঠনের নেতা-কর্মীরা এমন অভিযোগ এনেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সম্মেলনে অভিযোগ করা হয়, সোবহান নিজ উদ্যোগে আগামী ৭ সেপ্টেম্বর জেলা জাতীয় পার্টির সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন। সম্মেলনের আগে আটটি উপজেলা ও ছয়টি পৌরসভার কমিটি গঠন করার কথা ছিল। অথচ আহ্বায়ক কোনো সভা ডাকেননি। এমনকি সন্মেলনের কাউন্সিলর তালিকাও প্রণয়ন করেননি।
সংবাদ সম্মেলনে জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক শংকর পাল, জালাল উদ্দিন আহমেদ খান, তৌহিদুর রহমানসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অভিযোগ অস্বীকার করে সোবহান চৌধুরী বলেন, তিনি কেন্দ্রের নির্দেশে এরই মধ্যে আটটি উপজেলা ও ছয়টি পৌরসভার কমিটি গঠন করেছেন এবং সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন। তিনি দাবি করেন, যাঁরা অভিযোগ করেছেন তাঁরা অনেক আগেই দল ছেড়ে চলে গেছেন।