হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে সমঝোতা হওয়ায় গতকাল বুধবার থেকে ধর্মঘট প্রত্যাহার করে নেয় জেলা বাস মালিক সমিতি।

জেলা বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধভাবে ব্যাটারিচালিত টমটম, ট্রাক্টর, অটোরিকশা চলাচল করছে। বাস মালিক সমিতি দীর্ঘদিন ধরে জেলা প্রশাসনের কাছে এসব যানবাহন চলাচল বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছে। কিন্তু এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় গত সোমবার রাতে জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ঐক্য পরিষদ এক জরুরি সভা করে গত মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। এ কারণে মঙ্গলবার সকাল থেকে হবিগঞ্জ জেলা সদর থেকে হবিগঞ্জ-সিলেট, হবিগঞ্জ-ঢাকা ও হবিগঞ্জ-চট্টগ্রাম রুটে কোনো যানবাহন চলাচল করেনি।

ধর্মঘট প্রত্যাহার করানোর জন্য হবিগঞ্জ জেলা প্রশাসন গত মঙ্গলবার রাতে হবিগঞ্জ জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে বসে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এমরান হোসেনের সভাপতিত্বে ওই সভায় প্রশাসন তাদের দাবি কার্যকর করার আশ্বাস দিলে সমিতি ধর্মঘট প্রত্যাহারে সম্মতি দেয়। স্থানীয় সার্কিট হাউসে অনুষ্ঠিত এ সভায় হবিগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, জেলা বাস মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

শংখ শুভ্র রায় বলেন, জেলা প্রশাসন তাঁদের সব দাবি পূরণের আশ্বাস দেওয়ায় গতকাল থেকে তাঁরা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার
করে নেন।