হবিগঞ্জে সংঘর্ষ আহত ২০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর উপজেলার ১৪ গ্রামের বাসিন্দাদের মধ্যে এক সংঘর্ষে প্রায় ২০০ জন আহত হয়েছেন। শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় জংশনের প্ল্যাটফর্ম ও বেশ কিছু দোকানপাট ভাঙচুর করা হয়। এ সময় শায়েস্তাগঞ্জ জংশনের অদূরে আটকা পড়ে চট্টগ্রামগামী আন্তনগর ট্রেন পাহাড়িকা ও ঢাকাগামী মালবাহী একটি ট্রেন। এ কারণে কিছু সময়ের জন্য ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম পথে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল শুরু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব লেঞ্জাপাড়া এলাকার জাহির মিয়া (২২) ও পূর্ব বড়চর গ্রামের জুনাইদ মিয়ার (২০) মধ্যে পূর্ববিরোধ নিয়ে গতকাল সকালে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে পূর্ব লেঞ্জাপাড়ার লোকজনের সঙ্গে পূর্ব বড়চরের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পূর্ব লেঞ্জাপাড়ার পক্ষ নিয়ে বিরামচর, পশ্চিম লেঞ্জাপাড়া, উবাহাটা, জগন্নাথপুর, মহলুলসুনাম, দাউদনগরের গ্রামবাসী এ সংঘর্ষে লিপ্ত হন। একইভাবে পূর্ব বড়চরের পক্ষে নিয়ে তালুগড়াই, নিজগাঁও, নুরপুর, মড়রা, নিশাপট, কদমতলী গ্রামের মানুষ সংঘর্ষে যোগ দেন। বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত থেমে থেমে চলে এ সংঘর্ষ। এ সময় উভয় পক্ষের লোকজন ইটপাটকেল, বল্লম ও লাঠিসোঁটা ব্যবহার করেন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক রাবার গুলি ছোড়ে ও বেশ কিছু কাঁদানে গ্যাস ব্যবহার করে।
সংঘর্ষে উভয় পক্ষের দুই শতাধিক লোক আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত ৪৬ জনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, তুচ্ছ বিষয় নিয়ে এতগুলো গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় রেলস্টেশন ও এর আশপাশের এলাকায় ভাঙচুর চালায় সংঘর্ষকারীরা। তবে এখনো কোনো মামলা হয়নি।