হবিগঞ্জে হরতাল পালিত
কারাগারের ভেতর দলীয় এক নেতার ওপর আক্রমণের প্রতিবাদে হবিগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে জেলা বিএনপি। হরতালের কারণে আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা সদর থেকে দূরপাল্লার কোনো গণপরিবহন চলাচল করেনি।
হরতালের সমর্থনে জেলা বিএনপির নেতা-কর্মীরা চৌধুরী বাজার পয়েন্ট, কিবরিয়া সেতু ও শায়েস্তা নগরসহ শহরের পাঁচটি স্থানে পথসভা ও প্রতিবাদ সভা করেন। চৌধুরী বাজারের পথসভায় বক্তারা দাবি করেন, হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র (সদ্য সাময়িক বরখাস্তকৃত) জি কে গউছকে হত্যার জন্যই কারাগারের ভেতরে তাঁর ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির শাস্তি দাবি করেন। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইসলাম তরফদার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ প্রমুখ।
প্রসঙ্গত, গতকাল শনিবার ঈদের নামাজ শেষে হবিগঞ্জ কারাগারের ভেতরে ইলিয়াস মিয়া নামে একটি হত্যা মামলার আসামি হামলা চালিয়ে জি কে গউছকে জখম করেন। এখন তিনি কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ঢাকায় চিকিৎসাধীন। জি কে গউছ সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযুক্ত আসামি। তিনি গত ২৮ নভেম্বর থেকে হবিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।