অবরোধ প্রত্যাহারের দাবিতে গুলশান চত্বরে অবস্থান

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে রাজধানীর গুলশান দুই নম্বর চত্বরে অবস্থান কর্মসুচি পালন করছে সম্মিলিত চালক-মালিক-সমিতি সদস্যরা।
আজ বৃহস্পতিবার রাত থেকে তারা সম্মিলিত চালক-মালিক-সমিতির ব্যানারে সেখানে অবস্থান শুরু করেন। হরতাল-অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন। সেখানে ওই সংগঠনের নেতারা বক্তব্য দিচ্ছেন। এর মাঝে চলছে গান।
এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের দক্ষিণ পাশে ১০০ গজ দূরে ৮৬ নম্বর সড়কের মাথায় সম্মিলিত চালক সমিতির ব্যানারে অবস্থান নেন শতাধিক ব্যক্তি। বেলা একটা থেকে কাফনের কাপড় পরে তাঁরা অবস্থান শুরু করেন। হরতাল-অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাঁরা লাগাতার অবস্থানের ঘোষণা দেন।
সমিতির আহ্বায়ক মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, দিনের পর দিন হরতাল-অবরোধে নাশকতায় তাঁদের পরিবার-পরিজনকে হত্যা করা হচ্ছে। গাড়িতে পেট্রলবোমা মারা হচ্ছে। তাঁরা হরতাল-অবরোধের অবসান চান।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ব্যক্তিরা নিজেদের সাধারণ চালক, চালকের সহযোগী বা গাড়ির মালিক বলে দাবি করেন।