হরতাল ও অবরোধ প্রত্যাহারের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেট্রলবোমা হামলা ও এসএসসি পরীক্ষার সময় হরতাল-অবরোধের প্রতিবাদে গতকাল চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধা-জনতার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। ছবিটি শহরের বড় বাজার শহীদ হাসান চত্বর থেকে তোলা l প্রথম আলো
পেট্রলবোমা হামলা ও এসএসসি পরীক্ষার সময় হরতাল-অবরোধের প্রতিবাদে গতকাল চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধা-জনতার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। ছবিটি শহরের বড় বাজার শহীদ হাসান চত্বর থেকে তোলা l প্রথম আলো

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধ-হরতাল কর্মসূচির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মুক্তিযোদ্ধারা। তাঁরা রাজনৈতিক কর্মসূচির নামে মানুষ পুড়িয়ে মারা বন্ধের জোরালো দাবি জানিয়েছেন। এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করার স্বার্থে অবিলম্বে হরতাল-অবরোধ প্রত্যাহারে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার সাতক্ষীরা, পিরোজপুর, চুয়াডাঙ্গা ও মাগুরায় মানববন্ধন ও সমাবেশ করে এ আহ্বান জানান মুক্তিযোদ্ধারা। তাঁরা বলেন, নাশকতা-সহিংসতা কখনোই কারও জন্য কল্যাণ বয়ে আনে না।
পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন মুক্তিযোদ্ধারা। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশ হয়।
সাতক্ষীরায় সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা কমান্ড। দুপুর ১২টায় সাতক্ষীরা শহীদ আবদুর রাজ্জাক পার্কে এ সমাবেশে বক্তারা অবিলম্বে হরতাল-অবরোধ প্রত্যাহার করতে বিএনপি চেয়ারপারসনের প্রতি আহ্বান জানান।
চুয়াডাঙ্গায় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বড়বাজার শহীদ হাসান চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড। এতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ বেলা সাড়ে ১১টায় স্থানীয় নোমানী ময়দান থেকে একটি শোভাযাত্রা বের করে। পরে তাঁরা শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে সমাবেশ করেন।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা এবং চুয়াডাঙ্গা, মাগুরা ও মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি}