রাজশাহী, সিলেট, কুমিল্লা, রংপুর ও সিরাজগঞ্জে হরতাল
রাজশাহী ও রংপুরে আগামীকাল বুধবার সকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ছাত্রশিবির। পরশু বৃহস্পতিবার সিলেট বিভাগে হরতাল ডেকেছে বিএনপি। একই সঙ্গে কাল কুমিল্লা ও সিরাজগঞ্জে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের চলমান অবরোধের মধ্যে আজ মঙ্গলবার আলাদাভাবে এ হরতালের ডাক দেওয়া হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: রাজশাহী বিভাগের আট জেলায় কাল সকাল ছয়টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির। শিবিরের চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজ শাখা সভাপতি আসাদুল্লাহ তুহিনকে র্যাব ধরে নিয়ে হত্যা করেছে-এ অভিযোগ করে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের পক্ষ থেকে এই হরতালের ডাক দেওয়া হয়।
রাজশাহী মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হরতাল ডাকার খবর জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী অঞ্চলের শিবির নেতাদের এক জরুরি বৈঠকে হরতালের সিদ্ধান্ত হয়। বৈঠকে ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আশরাফুল আলম, রাজশাহী মহানগরে সভাপতি আনোয়ারুল ইসলাম, বগুড়া শহর শাখার সভাপতি আলাউদ্দিন সোহেলসহ আট জেলার সভাপতিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গতকাল সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র ও কলেজ শাখা শিবিরের সভাপতি আসাদুল্লাহ তুহিনকে র্যাবের একটি দল তাঁর নিজ বাসা থেকে ধরে নিয়ে যায়। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে তাঁর লাশ পাওয়া যায়।
সিলেট: সিলেট বিভাগের চার জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে এ হরতাল পালন করা হবে। আজ দুপুরে জেলা ও নগর বিএনপি এ হরতালের ডাক দেয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজমল বখত চৌধুরী হরতাল ডাকার বিষয়টি নিশ্চিত করে জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক দায়ের করা মামলায় কথিত ‘হুকুমের আসামি’ করার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে কাল সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ হরতাল ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজায় অংশ নিতে পুলিশের বাধা, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুন্সি কামাল উদ্দিনসহ নেতা-কর্মীদের গ্রেপ্তার ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে।
কুমিল্লা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় গাড়ি পোড়ানোর মামলা দায়েরের প্রতিবাদে কাল সকাল ছয়টা থেকে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। কুমিল্লা মহানগর ও জেলার ১৬ উপজেলায় এ হরতাল চলবে। রোববার রাতে খালেদা জিয়ার বিরুদ্ধে ওই মামলা করা হয়।
আজ বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ হরতাল ডাকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খালেদা জিয়াকে এ ধরনের মামলায় আসামি করার আগে পুলিশের কর্মকর্তাদের ভেবে দেখা উচিত ছিল। এ মিথ্যা মামলার প্রতিবাদে পুরো জেলায় হরতাল ডাকা হয়েছে। হরতালে ২০-দলীয় জোটের নেতা-কর্মীরা মাঠে থাকবেন।
রংপুর: রংপুরে আগামীকাল সকাল ছয়টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জেলা জামায়াতে ইসলামী। রংপুরের মিঠাপুকুর উপজেলা জামায়াতের কর্মী আল আমিন, তাঁর স্ত্রী বিউটি বেগম ও তাঁদের প্রতিবেশী মৌসুমী বেগমের সন্ধানের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে। তাঁরা ১৪ জানুয়ারি থেকে নিখোঁজ।