হরতাল ডেকে বগুড়ায় মাঠে ছিল না ২০ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলায় গতকাল বৃহস্পতিবার বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের আধা বেলা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। জেলার ১২টি উপজেলার বেশির ভাগ জায়গায় হরতাল-সমর্থকদের পিকেটিং করতে দেখা যায়নি।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম দাবি করেন, বগুড়ার মানুষ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করে সরকারের দুঃশাসনের প্রতিবাদ জানিয়েছে। তাই হরতালে পিকেটিং বা মিছিলের কোনো প্রয়োজন পড়েনি।
ঢাকায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে গুলিবর্ষণ করা হয়েছে, এমন খবরে গত বুধবার বিকেলে বগুড়া শহরে বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হন। এরপর বিএনপির কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় জেলা যুবদলের সভাপতিসহ ১১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে ২০-দলীয় জোট জেলায় আধা বেলা হরতালের ডাক দেয়। বন্যার কারণে সারিয়াকান্দি ও ধুনট উপজেলা হরতালের আওতামুক্ত ছিল।
বগুড়া শহরে ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত জেলা বিএনপির কার্যালয় ছিল ফাঁকা। নেতা-কর্মীদের আনাগোনা ছিল না। হরতালের শেষ মুহূর্তে দুপুরের দিকে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের কিছুটা উপস্থিতি ছিল। সেখানে সমাবেশ করে বিএনপি।
হরতালে শহরের দোকানপাট বন্ধ ছিল। শহরজুড়ে তৎপর ছিল পুলিশ। রিকশা ও অটোরিকশা চলেছে। তবে শহরের ঠনঠনিয়া কোচ টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ রুটের বাসও চলেনি। দুপুর ১২টার পর ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
হরতালে নন্দীগ্রাম, দুপচাঁচিয়া, কাহালু, আদমদীঘি ও শিবগঞ্জ উপজেলায় কোনো প্রভাব পড়েনি। এসব স্থানে কোনো মিছিল-সমাবেশ হয়নি। তবে শেরপুর, শাজাহানপুর, গাবতলী ও সোনাতলায় হরতালের সমর্থনে মিছিল হয়েছে।
শেরপুরে সকাল থেকে সীমাবাড়ী, ছোনকা, মির্জাপুর, ধুনটরোড, বাসস্ট্যান্ড, গাড়িদহ ও দশমাইল এলাকায় বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নেন। বেলা ১১টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় একটি মিছিল শেষে পথসভা হয়। পুলিশ পাহারায় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে দূরপাল্লার গাড়ি চলেছে।