হরতাল ডেকে মাঠে ছিল না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় আজ বৃহস্পতিবার আধাবেলা হরতাল ডেকে মাঠে ছিলেন না বিএনপি ও ২০-দলীয় জোটের নেতা-কর্মীরা। হরতালের সমর্থনে কোথাও কোনো পিকেটিং বা মিছিল হয়নি।

সকাল থেকেই আধাবেলার হরতালে জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। তবে শহরজুড়ে পুলিশ ব্যাপক তত্পর ছিল। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে পুলিশের অবস্থান ছিল।

হরতাল চলাকালে সড়কে অল্পসংখ্যক রিকশা, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। তবে শহরের ঠনঠনিয়া কোচ টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। চারমাথা ও কামারগাড়ি বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটের কোনো বাসও চলাচল করেনি। ব্যাংক-বিমা ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কাজকর্ম চলেছে। তবে লোকজনের উপস্থিতি ছিল কিছুটা কম। দুপুর ১২টার পর ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে সকাল ছয়টা থেকে ১০টা পর্যন্ত জেলা বিএনপির কার্যালয় ছিল ফাঁকা, ছিল না নেতা-কর্মীদের আনাগোনা। তবে হরতাল শেষ হওয়ার কিছু সময় আগে দুপুরের দিকে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা আসতে শুরু করেন।  পরে হরতালের সমর্থনে সেখানে একটি সমাবেশ হয়। এতে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্যরা বক্তব্য দেন।

বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম প্রথম আলোকে বলেন, বগুড়ার মানুষ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করে সরকারের দুঃশাসনের প্রতিবাদ জানিয়েছে। স্বতঃস্ফূর্ত এই হরতালে পিকেটিং বা মিছিলের প্রয়োজন পড়েনি। তবে হরতাল শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, বগুড়ার তিনটি উপজেলায় বন্যাদুর্গত মানুষ সীমাহীন কষ্ট পোহাচ্ছে। সেখানে ত্রাণ তত্পরতায় অংশ নিতে ত্রাণ ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রীর যাওয়ার কথা ছিল। ত্রাণমন্ত্রীর নির্ধারিত সফরের দিনে একটি রাজনৈতিক দল বা জোট অনাকাঙ্ক্ষিত হরতালের ডাক দেয়। এ জন্য পুলিশকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছিল। তাঁর ভাষ্য, পুলিশি সতর্কতার কারণে হরতাল সমর্থকেরা মাঠে নামতে পারেনি।

রাজধানীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও গুলিবর্ষণ হয়েছে—এমন গুজবে গতকাল বিকেলে বগুড়া শহরে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়। এতে ১২ জন আহত হন। এ ঘটনার জের ধরে বিএনপির কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। পরে জেলা যুবদলের সভাপতিসহ ১১ নেতা-কর্মীকে পুলিশ আটক করে। এর প্রতিবাদে আজ বগুড়া জেলায় আধাবেলা হরতাল ডাকে ২০-দলীয় জোট।