হরতাল বাড়ল ৪৮ ঘণ্টা
বরাবরের মতো ‘রুটিন মাফিক’ আবার ৪৮ ঘণ্টা হরতাল কর্মসূচি বাড়ানোর ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। বর্ধিত সময় অনুযায়ী আগামী শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত হরতাল চলবে। আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ ঘোষণা দেন।
এর আগে গত রোববার থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত ৭২ ঘণ্টার হরতাল ডেকেছিল।
এর আগে একাধিকার প্রথমে ৭২ ঘণ্টা এবং পরে বিবৃতি দিয়ে হরতাল বাড়ানো হয়। এবারও একই ঘোষণা এল। তবে অবরোধ হরতালের মধ্যে বৃহস্পতিবার সারা দেশে জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সব মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে ‘শান্তিপূর্ণ গণমিছিলের’ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে সালাহ উদ্দিন অভিযোগ করেন, সরকার বিরোধী দল-সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি করপোরেশন মেয়রসহ অনেক নির্বাচিত জনপ্রতিনিধিকে কলমের খোঁচায় অপসারণ করছে। তিনি বলেন, ‘আওয়ামী গণতন্ত্রে এটি নতুন কিছু নয়, বরং এটি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি ও বাকশালতন্ত্রের বাস্তবায়ন। তারই অংশ হিসেবে সোমবার রাজশাহীর সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বাসায় হামলা, গুলি ও ভাঙচুর করে তাঁর মাকে আহত এবং দুই ভাইকে আটক করা হয়। ’
বিএনপির যুগ্ম মহাসচিবের দাবি, রাজশাহীর মেয়রের বাসায় হামলার অজুহাত তৈরির উদ্দেশ্যে সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বাসায় ককটেল হামলা পরিচালিত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। এ ঘটনার নিন্দা জানিয়ে সালাহ উদ্দিন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দেশে গৃহযুদ্ধ বাধানোর পাঁয়তারা বন্ধ করুন। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির জন্য আপনারা দায়ী থাকবেন। ’
হরতাল ও অবরোধ কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব। পাশাপাশি সরকারকে আবারও পদত্যাগ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘অন্যথায় দেশে উগ্রপন্থা ও অগণতান্ত্রিক পন্থার উদয় হলে জাতি আপনাদের ক্ষমা করবে না। ’