হরতাল বাড়ল আরও ৪৮ ঘণ্টা
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ফেরত দেওয়ার দাবিতে আগামীকাল বুধবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত আরও ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। পাশাপাশি বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জোট। এ ছাড়া আগামী শুক্রবার সালাহ উদ্দিনের জন্য ধর্মীয় উপাসনালয়গুলোতে দোয়া ও প্রার্থনা করার জন্য আহ্বান জানানো হয়েছে।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা এই আহ্বান জানান। একই দাবিতে গত রোববার থেকে জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল চলছে। এরই মধ্যে তা বাড়ানোর ঘোষণা দেওয়া হলো।
বিবৃতিতে বলা হয়, ‘বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে “গ্রেপ্তার” করে নিয়ে যাওয়ার পর সাত দিন অতিবাহিত হলেও তাঁকে মুক্তি দেওয়া কিংবা আদালতে হাজির করা হয়নি। সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদারসহ দেশব্যাপী আরও অনেক নেতা-কর্মীর ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। সালাহ উদ্দিনকে গ্রেপ্তারের কথা অস্বীকার করে সরকারের পক্ষ থেকে উচ্চ আদালতে সাজানো গল্প ফাঁদা হয়েছে এবং শীর্ষ পর্যায় থেকে উৎকট ব্যঙ্গবিদ্রূপ করা হয়েছে। এতে তাঁর পরিবারের এবং আমাদের উৎকণ্ঠা তীব্র হচ্ছে।’