হরতাল ভোঁতা অস্ত্রে পরিণত হয়েছে: ওবায়দুল

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হরতাল-অবরোধ হচ্ছে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের হাতিয়ার। এ কার্যকর হাতিয়ারকে বিএনপি তথা ২০-দলীয় জোট অতিব্যবহার ও অতি প্রয়োগে অকার্যকর ও ভোঁতা অস্ত্রে পরিণত করেছে। তিনি প্রশ্ন করেন, হরতাল আর অবরোধ ডেকে কী লাভ।
আজ মঙ্গলবার সকালে গাজীপুরের জিরানী এলাকায় সড়ক দুর্ঘটনারোধে ট্রাফিক আইন মেনে চলা ও বিআরটিএর জনসচেতনতামূলক প্রচার এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘গণহত্যা করে গণ-আন্দোলন হয় না। আজকে আন্দোলনের নামে যা হচ্ছে, তা হচ্ছে গণহত্যা। তাঁদের আন্দোলন ককটেল আর পেট্রল বোমায়। নির্বাচন আর আন্দোলন এক সঙ্গে হয় না। তাঁদের আন্দোলনের আর কোনো উপায় বাদ নেই।’
এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফতাব উদ্দিন আহমেদ, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাজ্জাদ হোসেনসহ জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।