বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার দেশবাসীকে বিজয় মিছিল করার আহ্বান জানিয়েছেন। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটও আজ বিজয় মিছিলের কর্মসূচি দিয়েছে। এ উপলক্ষে বিএনপি আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল শিথিল করেছে।
বাসস জানায়, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক জানিয়েছেন, বিজয় উপলক্ষে দেশবাসীকে আজ বিজয় মিছিল করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ আজ বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে আনন্দ মিছিল করার ঘোষণা দিয়েছে।
এদিকে, গতকাল সোমবার রাত নয়টার দিকে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান হরতাল শিথিল করে বিজয় মিছিল করার কর্মসূচির ঘোষণা দেন। একই সঙ্গে আজ সন্ধ্যা ছয়টা থেকে আগামী শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত হরতাল পালনের আহ্বান জানানো হয়েছে।
টানা অবরোধের পাশাপাশি গত রোববার থেকে ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি দিয়েছিল ২০-দলীয় জোট।