হরতাল 'সফল', অবরোধ চলবে: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

আজ বৃহস্পতিবারের হরতাল ‘সফল’ হয়েছে দাবি করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত সারা দেশে চলমান অবরোধ কর্মসূচি চলবে। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে রিজভী এ কথা বলেন। তিনি দাবি করেন, আজকের সকাল-সন্ধ্যা হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে।

রিজভীর অভিযোগ, বিএনপি জোটের আন্দোলন গায়ের জোরে দমন করার জন্য সরকার বেপরোয়া হয়ে উঠেছে। ক্ষমতাসীন গোষ্ঠী মানুষের বাক-ব্যক্তিস্বাধীনতা ও গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে সারা দেশকে গভীর সংকটে ফেলে দিয়েছে।

রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, বিএনপি দেশের একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দলই নয়, বরং দলটি জনগণের ম্যান্ডেট নিয়ে কয়েকবার রাষ্ট্র পরিচালনা করেছে, নীলনকশা আওয়ামী লীগেরই চিরাচরিত ঐতিহ্য। যেমন তারা একটা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা জোর করে আগলে ধরে রেখেছে। দেশের রাজনৈতিক ইতিহাসে গুম, খুন ও গুপ্তহত্যার অধ্যায় যুক্ত করেছে আওয়ামী লীগ।

এর আগেও আজ গণমাধ্যমে পাঠানো আরেকটি বিবৃতিতে রিজভী আহমেদ বলেছেন, কোনো বর্বরোচিত আক্রমণই তাঁদের চলমান আন্দোলন স্তব্ধ করতে পারবে না। ‘বিজয় অর্জিত’ না হওয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।