হরতালকারীদের দেখা মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা হরতালে গতকাল বৃহস্পতিবার রাজধানীসহ সারা দেশের জনজীবন ছিল প্রায় স্বাভাবিক। হরতালে বড় ধরনের কোনো নাশকতার ঘটনা ঘটেনি। দেশের দু-একটি স্থানে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ৭২ জন নেতা-কর্মীকে আটক করেছে।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায়ের প্রতিবাদে দলটি এ হরতাল আহ্বান করে। এর আগে দলের আমির মতিউর রহমান নিজামী ও সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে বুধবার পর্যন্ত আরও চার দিন হরতাল কর্মসূচি পালন করেছে দলটি।
ঢাকায় হরতাল জনজীবনে তেমন প্রভাব ফেলেনি। অফিস-আদালত চলেছে। সড়কে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা অন্য যেকোনো হরতালের চেয়ে অনেক বেশি ছিল। তবে হরতাল-সমর্থকদের মাঠে দেখা না গেলেও হরতালের বিপক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নেয়।
আটক ৭২ জন: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরের চৌমোহনা এলাকায় গতকাল দুপুরে জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ জামায়াত ও শিবিরের তিন নেতা-কর্মীকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন উপজেলা জামায়াতের আমির আবদুল বারী (৫০) এবং ছাত্রশিবিরের কর্মী জামাল হোসেন (২২) ও মোজাহিদুল ইসলাম (২০)।
খুলনায় জামায়াতের দুই কর্মীসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত অভিযানে তাঁদের আটক করা হয়। সাতক্ষীরায় বুধবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত জামায়াত-বিএনপির ৩৫ নেতা-কর্মীসহ ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিলেট নগরের সুবিদবাজার এলাকায় দুটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাতে একটি প্রাইভেট কার ও গতকাল বিকেলে একটি অটোরিকশায় আগুন দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।