হরতালে জনজীবন স্বাভাবিক, গাড়ি চলছে

জামায়াতে ইসলামীর ডাকে আজ বুধবার ভোর ছয়টা থেকে আগামী শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। হরতালে জনজীবন স্বাভাবিক রয়েছে। গণপরিবহন চলছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে ৩ নভেম্বর সর্বোচ্চ আদালত এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার প্রতিবাদে এই হরতালের কর্মসূচি দিয়েছে জামায়াত।
এর আগে দলের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ২৯ অক্টোবর মৃত্যুদণ্ডের রায় দেন। ওই রায়ের প্রতিবাদে গত ৩০ অক্টোবর, ২ ও ৩ নভেম্বর ৬০ ঘণ্টার হরতাল দেয় জামায়াত।
হরতালে আজ রাজধানীতে সকাল থেকেই সড়কে বাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশাসহ অন্যান্য যানবাহন চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়ছে। বিভাগীয় ও বড় জেলা শহরগুলোতেও প্রায় একই চিত্র দেখা গেছে।
সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক রাখা হয়েছে।
হরতালের সমর্থনে সারা দেশে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের তেমন কোনো তৎপরতার খবর পাওয়া যায়নি।