চট্টগ্রাম নগর আওয়ামী লীগের হরতালবিরোধী সমাবেশে নেতারা দাবি করেছেন, খালেদা জিয়ার ডাকা হরতাল-অবরোধ তাঁর নিজ দলের নেতা-কর্মীরাই প্রত্যাখান করছেন। জোটের নেতারা নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠান চালু রেখেছেন। তাঁদের ব্যবসা-বাণিজ্য কোনোটাই বন্ধ হয়নি।
গতকাল বুধবার দুপুরে দারুল ফজল মার্কেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সহসভাপতি সুনীল সরকার। প্রধান বক্তা ছিলেন নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
আ জ ম নাছির উদ্দিন বলেন, বেগম খালেদা জিয়া শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে হরতালের ডাক দিচ্ছেন। তাঁর নেতা-কর্মীরা স্বাভাবিক জীবন যাপন করছেন। নিজেরাই এই হরতাল মানছে না। সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য পেট্রলবোমা ছুড়ে মারা হচ্ছে। তিনি আরও বলেন, গণতন্ত্রের নামে দেশ ধ্বংসের অপরাজনীতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষই এখন নাশকতাকারীদের প্রতিরোধ শুরু করেছে।
সমাবেশে বক্তব্য দেন দলের কার্যনির্বাহী সদস্য গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, আওয়ামী লীগ নেতা বদিউল আলম, ফিরোজ আহমদ, মোমিনুল হক, মহানগর যুবলীগ নেতা হাসান মুরাদ, তানভীর আহমেদ, ছাত্রলীগের নেতা ইয়াছির আরাফাত প্রমুখ।