হরতালে তেমন সাড়া নেই, জীবনযাত্রা প্রায় স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিন বিরতির পর গতকাল সোমবার সকাল ছয়টা থেকে আবারও নামসর্বস্ব হরতাল শুরু হয়েছে। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা টানা ৪৮ ঘণ্টার এ হরতাল এবার ঢাকা ও চট্টগ্রাম মহানগর ছাড়া সারা দেশে ডাকা হয়েছে।
৫ জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে দেশব্যাপী গত ৬ জানুয়ারি থেকে চলছে জোটের টানা অবরোধ। এর সঙ্গে থেমে থেমে হরতাল। বাস্তব চিত্র হলো, রাস্তায় এই অবরোধ-হরতালের তেমন কোনো প্রভাব নেই। কোথাও কোথাও বরং সড়কে ছিল দুঃসহ যানজট।
সরেজমিনে দেখা গেছে, সাধারণ মানুষ এখন আর এই কর্মসূচির তোয়াক্কা করছেন না। বিশেষত, ঢাকাসহ বড় শহরগুলোতে। গাড়ি চলছে, দোকানপাট খুলছে। দিনে আন্তজেলা বাস-ট্রাক চলছে। নাশকতার আশঙ্কায় রাতে কিছুটা কম। কর্মসূচি আহ্বানকারী জোটের নেতারাই চলাফেরা করছেন ব্যক্তিগত গাড়িতে। তাঁদের অনেকেরই ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রয়েছে।
চলমান অবরোধ-হরতালে গতকাল দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগীয় ও জেলা শহরের পরিস্থিতি ছিল এ রকম:
সিলেট শহরে হরতাল-সমর্থকদের কোনো তৎপরতা চোখে পড়েনি। সড়কের পাশের ও বিভিন্ন বিপণিকেন্দ্র খোলা রয়েছে। তবে দোকানিরা শাটার পুরোপুরি খোলা না রেখে অর্ধেক খোলা রেখেছেন। শহরে ছোট-বড় যান চলাচল করছে, তবে সংখ্যায় কিছুটা কম। শহরের কদমতলী বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, দূরপাল্লার বাস চলাচল করছে অনেকটা নিয়ন্ত্রিতভাবে, তবে যাত্রীসংখ্যা কম। শহরের কুমারগাঁও, টুকেরবাজার ও শাহ পরান এলাকায় ছাত্রদলের ব্যানারে সকালে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল হয়েছে।
রংপুরে হরতালের কোনো প্রভাব পড়েনি, উল্টো যানজটের সৃষ্টি হয়েছে। শহরের সব সড়কেই বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। সব শিক্ষাপ্রতিষ্ঠান ছিল খোলা। শিক্ষার্থীদের উপস্থিতি ভালো। ব্যাংক-বিমায় লেনদেন হয়েছে। সরকারি-বেসরকারি অফিস-আদালতের কার্যক্রম স্বাভাবিক। বিপণিবিতান খোলা রয়েছে। ক্রেতাও আছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আন্তজেলা রুটে বাস চলাচল করছে। সেই সঙ্গে ঢাকাসহ দূরপাল্লার বাসও চলছে। ট্রেন চলাচলও স্বাভাবিক। কোথাও কোনো পিকেটিং নেই। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলা মোটর মালিক সমিতির সভাপতি আবু আজগর আহমেদ বলেন, সব রুটেই গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। জেলা পুলিশ সুপার (এসপি) আবদুর রাজ্জাক বলেন, হরতালে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। এর পরও শহর ও মহাসড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
কক্সবাজারে টানা অবরোধ-হরতালে গত আড়াই মাসে পর্যটন ব্যবসায় ধস নামলেও এখন আবারও দেশি-বিদেশি পর্যটকের সমাগম ঘটছে। গত ২৬ ও ২৭ মার্চ দুই দিনে কক্সবাজার সমুদ্রসৈকত ভ্রমণে আসেন অন্তত ৭৫ হাজার পর্যটক। গতকাল এ জেলায় অবস্থান করছিলেন ১৫-১৬ হাজার পর্যটক। শহরের সড়কগুলোতে অবরোধ-হরতালের কোনো প্রভাব লক্ষ করা যায়নি। ছিল যানজটও।
বরিশালের জনজীবন ছিল স্বাভাবিক। হরতালের সমর্থনে বিএনপি জোটের কর্মী-সমর্থকদের পিকেটিং দেখা যায়নি। নগরে যান চলাচল ছিল যথেষ্ট। নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, রূপাতলী আন্তজেলা বাস টার্মিনাল থেকে বাস চলাচল করতে দেখা গেছে। নগরের শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যাংক-বিমা খোলা ছিল। হয়েছে দিনের স্বাভাবিক কাজ। খোলা ছিল নগরের সব বিপণিবিতান। সদর রোড, ফজলুল হক অ্যাভিনিউ, হেমায়েত উদ্দিন সড়ক, নতুন বাজার এলাকায় থেকে থেকে যানজট দেখা গেছে। বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন বলেন, হরতালে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নাশকতার আশঙ্কায় রাতে যাত্রী কম থাকে।
কুমিল্লা নগর ও এর সড়ক-মহাসড়কে হরতালের কোনো চিহ্ন ছিল না। মহাসড়কে দিনভর যানবাহন চলাচল করেছে। নগরের আশ্রাফপুর ও শাসনগাছা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে গেছে। নগরে রিকশা, অটোরিকশা ও ইজিবাইকের জট ছিল। শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা হয়েছে। দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান খোলা ছিল। ব্যাংকের কাজ হয়েছে স্বাভাবিক। সিটি করপোরেশনের মেয়র, বিএনপির নেতা মো. মনিরুল হক সাক্কু হরতালে সারা দিন অফিস করেছেন। বেলা সাড়ে তিনটায় নগরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় সহিদ ব্রাদার্সের সামনে মেয়রকে ময়লা পরিষ্কার কার্যক্রম তদারক করতে দেখা গেছে। নগরের কোথাও পিকেটারের দেখা মেলেনি।
নারায়ণগঞ্জের মানুষের জীবনযাত্রাও ছিল স্বাভাবিক। অফিস-আদালত, স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিল। এ ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ রুটের প্রায় সব ধরনের যাত্রী ও পণ্যবাহী গাড়ির চলাচল ছিল স্বাভাবিক। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কেও দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা গেছে। সব কলকারখানা ও বিপণিবিতান খোলা ছিল। অন্যান্য দিনের মতোই নগরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কে বেলা ১১টা থেকে যানজটের কারণে দুর্ভোগের শিকার হন পথচারীরা। নগরের পাইকারি বাজারের প্রধান স্থান নিতাইগঞ্জের সব ব্যবসাপ্রতিষ্ঠানে বেচাকেনা হয়েছে। সকাল থেকেই ২০-দলীয় জোটের কোনো নেতা-কর্মীকে রাস্তায় দেখা যায়নি।
গাজীপুরে যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছোট-বড় যানবাহন ও কিছু দূরপাল্লার যানবাহন চলাচল করেছে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, গাজীপুরের কোথাও হরতালের প্রভাব পড়েনি। বিভিন্ন সড়ক ও মহাসড়কে পুলিশের টহল রয়েছে। বেলা দেড়টা পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। যথারীতি খোলা রয়েছে বিভিন্ন অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান।
ময়মনসিংহে হরতালের প্রভাব চোখে পড়েনি। এক মাস ধরেই জেলার বাস টার্মিনাল, রেলস্টেশন ও বিপণিবিতানে স্বাভাবিক কর্মচাঞ্চল্য দেখা যাচ্ছে। ময়মনসিংহ থেকে নিয়মিতভাবে আশপাশের সব জেলায় চলাচল করছে বাস। ঢাকা-ময়মনসিংহ সড়কে বিলাসবহুল বাসও চলাচল করছে। প্রায় দিনই পাটগুদাম এলাকায় ময়মনসিংহ আন্তজেলা বাস টার্মিনালে সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট। শহরের সব বিপণিবিতান সাপ্তাহিক বন্ধের দিন ছাড়া প্রতিদিনই খোলা থাকছে।
যশোর শহরে গতকাল যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমও ছিল স্বাভাবিক। হরতাল-সমর্থকদের কাউকে মিছিল-সমাবেশ করতে দেখা যায়নি। অন্য দিনের মতোই সকাল থেকে শহরের দড়াটানা, চিত্রা, চৌরাস্তা, খুলনা স্ট্যান্ড মোড়ে যানজট-জনজট লেগে ছিল। শহরে সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান খোলা ছিল। যশোর থেকে খুলনা, নড়াইল, ঝিনাইদহ, মাগুরাসহ আন্তজেলা ও দূরপাল্লার যানবাহন ছেড়ে যেতে দেখা গেছে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}