হরতালে নৈরাজ্য হলে খালেদার বিরুদ্ধেও ব্যবস্থা: প্রধানমন্ত্রী
হরতালের নামে দেশ অস্থিতিশীল করার চেষ্টা হলে বিএনপির নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠকটি ছিল রুদ্ধদ্বার।
বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে, খালেদা জিয়ার সমালোচনা করে বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, দেশকে শান্ত ও স্থিতিশীল দেখে এত দিনে তাঁর (খালেদা জিয়া) ঘুম ভেঙেছে। দেশকে অস্থিতিশীল করার জন্য হরতাল ডেকেছেন। জামায়াতকে দিয়ে দুই দিন হরতালের ডাক দিয়েছেন। এরপর নিজে আরেক দিন হরতাল ডেকেছেন। তারা হরতাল ডেকেছে এমন সময়, যাতে মানুষ ঠিকভাবে ঈদের পশু কেনাবেচা না করতে পারে। তাদের হরতাল হজযাত্রীদের জন্যও বিড়ম্বনার সৃষ্টি করেছে।
বৈঠকে একাধিক নেতা এ কে খন্দকারের লেখা বই ১৯৭১: ভেতরে বাইরে নিয়ে সমালোচনা করেন। বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ দলকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, বিএনপি কিংবা অন্যরা যতই দুর্বল হোক, তাদের খাটো করে দেখা যাবে না। কারণ, ১৯৯১ সালেও বিএনপি দুর্বল ছিল।
এরপর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, দলে কোনো সংকট নেই। দলের ভেতর থেকে অনেক সময় নেতৃত্বকে চ্যালেঞ্জ করে সংকটের সৃষ্টি করা হয়।
একজন সাংগঠনিক সম্পাদক বলেন, বিএনপি ও জাতীয় পার্টির অনেক নেতা আওয়ামী লীগে আসতে চান। তাঁদের মধ্যে যাঁরা ভালো, তাঁদের দলে নেওয়া যাবে কি না। অবশ্য এ বিষয়ে আর কেউ কোনো মন্তব্য করেননি।
বৈঠকে সম্প্রতি প্রধানমন্ত্রী ও তাঁর মেয়ে সায়মা হোসেন পুরস্কৃত হওয়ায় তাঁদের অভিনন্দন জানানো হয়। এ ছাড়া ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন, ৩ নভেম্বর জেল হত্যা দিবসের কর্মসূচি ঠিক করা হয়। শেখ হাসিনা নিউইয়র্ক সফরে যাওয়ার পর তাঁর অবর্তমানে সৈয়দা সাজেদা চৌধুরীকে দলের ভারপ্রাপ্ত সভাপতি করার সিদ্ধান্ত হয়।
বৈঠকের শুরুতে সাংবাদিকদের উপস্থিতিতে সূচনা বক্তব্যে শেখ হাসিনা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে নেতাদের নির্দেশ দেন। তিনি বলেন, সংগঠনটা হচ্ছে আসল। এটাকে সুসংগঠিত করতে হবে। সারা দেশে আওয়ামী লীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলন চলছে। এসব সম্মেলন ত্বরান্বিত করা দরকার। সেখানে সাতটি দল যাবে। তারা সুষ্ঠুভাবে সম্মেলন করবে, গিয়ে বসে থাকলে হবে না। নতুন নেতৃত্ব তুলে আনতে হবে।
বৈঠকে সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আবুল মাল আবদুল মুহিত, ইউসুফ হোসেন হুমায়ুনসহ উপদেষ্টা পরিষদ ও নির্বাহী কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।