হরতালে পুলিশি হামলার প্রতিবাদে কাল ছাত্র ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির হরতালে পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে কয়েকটি ছাত্র সংগঠন।

প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে ডাকা এই ধর্মঘটে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ঐক্য ফোরামসহ বিভিন্ন সংগঠন রয়েছে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বাতিলের দাবিতে বৃহস্পতিবার আধা বেলা হরতালে প্রগতিশীল ছাত্র জোটের নেতা, জাতীয় কমিটির নেতা ও সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশের মারধরের প্রতিবাদ জানানো হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর যুগ্ম আহ্বায়ক ইকবাল কবীর।